সরকারি জায়গায় পার্ক নির্মাণের প্রতিবাদ
নোয়াখালী জেলা শহর মাইজদীতে সরকারি জায়গায় বাণিজ্যিকভাবে পার্ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার জজকোর্ট-প্রেসক্লাব সড়কে শিশু-কিশোর মেলা নোয়াখালী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শিশু-কিশোর মেলার নোয়াখালী শাখার সংগঠক বিবি মরিয়মের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সভাপতি তারকেশ্বর দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন।
বক্তারা বলেন, নোয়াখালী শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের দিঘির দক্ষিণ পাশ নামমাত্র মূল্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েছে নোয়াখালী পৌরসভা। সেখানে বাণিজ্যিকভাবে পার্ক নির্মাণ করা হচ্ছে।
বক্তারা বলেন, উন্মুক্ত এ স্থানে জনগণের মুক্ত প্রবেশাধিকার হরণ করা হবে মানবিক অধিকার ও রাষ্ট্রীয় আইনবিরোধী। মানুষের সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকলে শহরে অপসংস্কৃতি, অশ্লীলতা ও মাদক-জুয়ার প্রসার ঘটবে।
ফোন না ধরায় এ বিষয়ে পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।