চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা গ্রামে কর্ণফুলী নৌঘাটের পথ বন্ধ করে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয় নির্মাণ করা হচ্ছে। কর্ণফুলী কাগজকলের (কেপিএম) জায়গায় ওই স্থাপনা করছেন আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী।এতে নদী পারাপার বন্ধ হয়ে গেছে। চন্দ্রঘোনা ফেরি হয়ে অতিরিক্ত ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাতায়াত করছে ইউনিয়নের বাসিন্দারা। কেপিএম কর্তৃপক্ষ জমির দখল ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিলেও তা মানছেন না দখলদারেরা।এলাকাবাসী কয়েকজন জানান, ২০০৯ সালের শুরুতে কোদালা গ্রামের কর্ণফুলী নৌঘাটে কেপিএমের জায়গায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। চলতি মাসের শুরু থেকে ঘাটের পথ রুদ্ধ করে কার্যালয়ের ভবন নির্মাণের কাজ আরম্ভ করা হলে নদী পারাপার বন্ধ হয়ে যায়। এলাকাবাসী বিষয়টি কেপিএম কর্তৃপক্ষকে জানায়। জমির দখল ছেড়ে দেওয়ার জন্য কেপিএম থেকে নোটিশ দিলেও দখলদারেরা ভবন নির্মাণ বন্ধ করেননি।কোদালা ইউনিয়ন পরিষদের এক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদারের অনুসারী নেতা-কর্মীরা জায়গাটি দখলের পাঁয়তারা করছেন। দখলপ্রক্রিয়া নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে।কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম তালুকদার ঘাটের পথ অবরুদ্ধ করে কেপিএমের জায়গায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয় ভবন নির্মাণের সত্যতা নিশ্চিত করে বলেন, এ কারণে দখলদারদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের বিরোধ দেখা দিয়েছে। তিনি আরও বলেন, এ ঘাট দিয়ে ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ উপজেলায় যাতায়াত করে। ঘাটটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেক মাঝি। স্থানীয় বাসিন্দাদের চার থেকে ছয় কিলোমিটার পথ হেঁটে চন্দ্রঘোনা ফেরি দিয়ে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন রাঙ্গুনিয়া উপজেলায় যাতায়াত করতে হচ্ছে।মুঠোফোনে যোগাযোগ করা হলে কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম বলেন, পাকিস্তান আমলে কেপিএম কর্তৃপক্ষ এ জমি অধিগ্রহণ করলেও জরিপে তাদের নাম নেই। তা ছাড়া নৌঘাটের মুখে এ জায়গায় অনেকে দোকান করে যুগ যুগ ধরে ব্যবসা করছেন। কেপিএম কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। কর্তৃপক্ষ এসব দোকান উচ্ছেদ করলে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ও সরিয়ে নেওয়া হবে। কর্ণফুলী নৌঘাটের পথে কোনো প্রতিবন্ধকতা নেই। স্থানীয় লোকজন এমনিতেই যাতায়াত করছে না বলে দাবি করেন তিনি।কেপিএমের আইন ও সম্পত্তি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠার পর থেকে কেপিএম কাঁচামাল সংরক্ষণে কোদালা গ্রামের কর্ণফুলী নৌঘাটের প্রায় সাত একর জমি ব্যবহার করে আসছে। ২০০৯ সালের শুরুর দিক থেকে এ ঘাটে কেপিএমের জায়গায় পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। পাকা ভবন সরিয়ে জমির দখল ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিলেও দখলবাজরা তা মানছেন না। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।