সরকারি জায়গায় বিএমএর ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে চিকিৎসকদের সংগঠন মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএমএ) ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ভবনটিতেই সংগঠনের কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে।বর্তমানে বিএমএ রংপুর শাখার কোনো কমিটি নেই। তবে রংপুরের চিকিৎসক প্রতিনিধি হিসেবে বিএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মামুনুর রহমান বলেন, ‘এ ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ অবৈধভাবে করা হয়। সরকারি জায়গায় এ ধরনের ভবন নির্মাণ হতে পারে না, যা তৎকালীন সরকারের আমলে জোর করে করা হয়েছে।’ এর পরও সেখানে বিএমএ ভবনের সাইনবোর্ড রয়েছে এবং সেখানে কার্যক্রম পরিচালনা হচ্ছে কেন, জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট মেডিকেল কলেজ ক্যাম্পাসে রংপুর নগরের প্রধান সড়ক ঘেঁষে, গণপূর্ত কার্যালয়ের পাশে প্রায় আট শতাংশ সরকারি জমি ৯৯ বছরের জন্য ইজারা নেওয়ার আবেদন করে বিএমএ। ইজারার আবেদন গ্রহণ না হলেও ওই সময় ভবনটি নির্মাণ করা হয়। পরিকল্পনায় আটতলা ভবনের কথা ছিল। কিন্তু একতলা পর্যন্ত নির্মাণ হওয়ার পর গণপূর্ত বিভাগের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সেখানেই বিএমএর নিজস্ব ভবন হিসেবে কার্যক্রম পরিচালিত হচ্ছে।তৎকালীন বিএনপি সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ভবনটির নির্মাণকাজ উদ্বোধন করেন। তখন বিএমএর নেতৃত্বে ছিল বিএনপি-সমর্থিত চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। তারা নিজেদের অর্থায়নে সরকারি জায়গায় এ ধরনের একটি ভবন নির্মাণ করে। সে সময় বিষয়টি ব্যাপক আলোচিত হয় এবং পত্রিকায় লেখালেখিও হয়।কলেজ সূত্রে জানা গেছে, ২০০৪ সালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও কলেজ অধ্যক্ষের কাছে চিঠি দেওয়া হয়। এরপর কাজ বন্ধ রাখা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএমএ ভবনের বড় সাইনবোর্ডটি খুলে সেখানে রংপুর মেডিকেল কলেজ গেস্টহাউস লেখা হয়। আদতে গেস্টহাউসের কোনো কিছুই সেখানে নেই। তখন থেকেই ভবনটিতে বিএমএর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এখনো বিএমএর নেতাসহ চিকিৎসকেরা সেখানে বসছেন। বর্তমানে প্রধান ফটকে লেখা হয়েছে, মেডিকেল অ্যাসোসিয়েশন কার্যালয়।ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি খালেকুজ্জামান বলেন, ‘ওই সময় এটি কীভাবে করা হয়েছিল তা জানা নেই। তবে এটি এখনো বিএমএর কার্যালয় হিসেবে রয়েছে।’স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক নুরুননবী লাইজু বলেন, ‘সরকারি জায়গায় কোনো সংগঠনের ভবন হতে পারে না।’ এর পরও এখানে কেন বিএমএ ভবন হিসেবে কার্যক্রম চলছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কলেজ কর্তৃপক্ষের দেখার বিষয়।ভবনটি সরকারি জায়গায় নির্মিত হয়েছে, এর সত্যতা নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, এটি উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক রেজাউল ইসলাম বলেন, বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকেই দেখতে হবে।