সরকারি জায়গায় রিসোর্ট: তিন মালিককে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদক
দুদক

গাজীপুরে সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে অর্জন করা অর্থে রিসোর্ট ও বাগানবাড়ি করার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তিনটি রিসোর্টের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার পাঠানো আলাদা আলাদা নোটিশে তাঁদের আগামী ৭ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এসব নিশ্চিত করেছেন। সংস্থাটির উপপরিচালক মো. আহমার উজ্জামান অভিযোগগুলো অনুসন্ধান করছেন।

যাঁদের তলব করা হয়েছে, তাঁরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ‘সোহাগ পল্লি পিকনিক স্পটের’ স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল, একই উপজেলার রাঙ্গামাটিয়া ওয়াটার ফ্রন্ট রিসোর্টের মালিক রফিকুল ইসলাম এবং গাজীপুর সদরের ‘আরণ্যক বাংলো বাড়ি’র মালিক সোহেল আহমেদ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঠানো নোটিশে বলা হয়েছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রিসোর্টের জমির মালিকানা এবং এর প্রকৃত বিনিয়োগ ও এর উৎস-সংক্রান্ত তথ্য পর্যালোচনা জরুরি প্রয়োজন। এ জন্য জমির মালিকানা ও প্রকৃত বিনিয়োগের তথ্যসংক্রান্ত প্রমাণসহ দুদকে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করতে হবে।

সূত্র জানায়, এর আগেও এ তিনজনকে দুদকে হাজির হওয়ার নোটিশ দিলে তাঁরা হাজির হননি। এবারের নোটিশে বলা হয়েছে, এবার হাজির না হলে তাঁদের বক্তব্য ছাড়াই অনুসন্ধান শেষ হবে।