সরকারি জায়গায় শতাধিক গ্যারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতাধিক গ্যারেজ তৈরি হয়েছে এই এলাকায় l প্রথম আলো
শতাধিক গ্যারেজ তৈরি হয়েছে এই এলাকায় l প্রথম আলো

উপযুক্ত তদারকির অভাবে বাংলাদেশ ব্যাংকের পেছনে দক্ষিণ কমলাপুর ও কালভার্ট রোড এলাকায় দখল আরও বেড়ে গেছে। সেখানে পুরোনোগুলোর পাশাপাশি নতুন শতাধিক গ্যারেজ তৈরি হয়েছে। এমনকি সড়কের মধ্যেও দিন-রাত বাণিজ্যিক কার্যক্রম চলছে। এর ফলে সেখানে যাতায়াতের সুবিধার্থে নির্মিত সড়কটিতে বেশির ভাগ সময়ই যানজট লেগে থাকছে।
আগে এই এলাকায় টিন ও বাঁশের বেড়ার কয়েকটি মোটর গ্যারেজসহ অন্যান্য স্থাপনা ছিল। এ বিষয়ে প্রথম আলোয় অতীতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এলাকা ঘুরে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের পেছনের অংশ থেকে শুরু করে টানা দক্ষিণ দিকের পুরোটা অংশে এবং বিপরীত দিকেও গড়ে উঠেছে শতাধিক মোটর গ্যারেজ। আধা পাকা স্থাপনাও রয়েছে। সামনের খোলা রাস্তায় গাড়ির যন্ত্রপাতি বিছিয়ে স্বাধীন ব্যবসা চলছে। গ্যারেজে মেরামতির জন্য আনা গাড়ি জায়গা না পেয়ে রাস্তার ওপরই বিশৃঙ্খলভাবে রাখা হয়েছে। পুরোপুরি অরাজক অবস্থা।
৮০ ফুট রাস্তার একপাশে মতিঝিল-দিলকুশা অফিসপাড়ার সরকারি স্টাফ বাসের পার্কিংও করা হয়। গতকালও ছিল। দেখা গেল, গ্যারেজে আসা গাড়ি জায়গা না পেয়ে স্টাফ বাসের সামনে রাস্তার মাঝখানে রাখা হয়েছে। কমলাপুরের দিকে যেসব গাড়ি ও রিকশা যাচ্ছে সেগুলো আটকে আছে। উটের খামার থেকে জসীম উদ্দীন রোড পর্যন্ত পুরো রাস্তা অবরুদ্ধ। অল্প সময়ে যাতায়াত সম্ভব বলে মতিঝিল প্রধান সড়কের ঝামেলা এড়িয়ে অনেকে এই পথে চলাচল করেন। বিশেষ করে মতিঝিল আইডিয়াল স্কুল, মডেল স্কুল, নটর ডেম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর চলাচল এই রাস্তায়। গতকাল দেখা গেল, রিকশা ছেড়ে দিয়ে প্রখর রোদের মধ্যে আইডিয়াল ও মডেল স্কুলের কিছু শিক্ষার্থী হেঁটে বাসায় ফিরছে।
সরকারি জায়গা দখল করে গ্যারেজ তৈরি এবং চলাচলের রাস্তায় গাড়ি রাখার বিষয়ে জানতে চাইলে সবাই প্রসঙ্গটি এড়িয়ে যান। আকিজ অটোমোবাইল, নিউ মোটর ওয়ার্কস, হুটমায়ূন অটোমোবাইল, মেসার্স ওহাব মটরস, ওয়াদি অটোমোবাইলসহ বিভিন্ন গ্যারেজের উপস্থিত ব্যক্তিরা নিজেদের কর্মচারী বলে পরিচয় দেন এবং গ্যারেজের মালিকের সঙ্গে কথা বলতে বলেন।
যোগাযোগ করলে ডিএসসিসির রাজস্ব বিভাগ থেকে জানানো হয়, ট্রেড লাইসেন্স দিলেও কোনো গ্যারেজের মালিককে ওই এলাকায় জায়গা দখল করে ব্যবসার অনুমতি দেওয়া হয়নি। রাজউকের সম্পত্তি বিভাগ-১ থেকে বলা হয়, ওই এলাকায় ১৫ একরের মতো জায়গা ছিল। এর মধ্যে সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টার করার জন্য কিছু জমি আগেই বরাদ্দ দেওয়া হয়। একটি বেসরকারি কন্সট্রাকশন কোম্পানির মালামাল রাখার জন্য কিছু জমি ইজারা দেওয়া হয়। বাকি প্রায় ১০ একর জায়গা বেদখলে। এই জায়গা নিলামে দেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নিলাম হলে অবৈধ দখলদারি শেষ হবে।