সরকারি জায়গায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ভবন
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের প্রাণকেন্দ্র কুমারপট্টি এলাকায় সরকারি জায়গা দখল করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত হায়দার বহুতল বিপণিবিতান (মার্কেট) নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসীর অভিযোগ, বন্দরের কুমারপট্টি এলাকার ১ নম্বর খাসখতিয়ানভুক্ত ৫৫৬ দাগের সরকারি জায়গায় ওই বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এ ছাড়াও ওই ভবনের উত্তর পাশে খালের জায়গায় দোকানঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন এ ভবন নির্মাণের বিষয়টি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ভবনের দোতলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে বিপণিবিতানের ভবনের নিচতলায় ব্যবসার জন্য দোকান বরাদ্দও দেওয়া হয়েছে।কালাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা বলেন, ‘শুনেছি শওকত হায়দার তাঁদের ব্যক্তিগত সম্পত্তির পাশে সরকারি কিছু জায়গা ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) করে নিয়েছেন। সেখানে ভবন নির্মাণ করছেন। তবে ডিসিআর নিলেও পাকা ভবন নির্মাণের বিধান নেই।’শওকত হায়দার পৈতৃক সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণ করছেন বলে দাবি করে বলেন, ‘আমাদের অনেক সম্পত্তি জনস্বার্থে ব্যবহূত হচ্ছে। আমাকে ও আমার পরিবারকে হেয় ও হয়রানি করার জন্য একটি মহল এ অভিযোগ করছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, ‘সরকারি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ করা হলে তা ভেঙে দেওয়া হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার তহশিলদারকে সার্ভেয়ার দিয়ে মেপে সরকারি সম্পত্তি বুঝে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ কালাইয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. মুশফিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, কালাইয়া বন্দরে ৫৫৬ নম্বর দাগে দুই একর ২৯ শতাংশ সরকারি জায়গা রয়েছে। ইউএনওর নির্দেশে ওই সম্পত্তি বুঝে নেওয়ার জন্য সরেজমিনে মাপজোপের কাজ চলছে।