সরকারি টাকায় ভোগান্তির বাঁধ ও জলকপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের দক্ষিণ অংশ পাবনার চাটমোহর, নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকার প্রায় ২০ হাজার হেক্টর কৃষিজমিতে দুটি নালা দিয়ে বর্ষার পানি ঢুকত ও বের হতো। ২০০৯ সালে একটি নালায় নির্মাণ করা জলকপাটে (স্লুইসগেট) ত্রুটি থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সম্প্রতি অন্য নালাটিতে বাঁধ নির্মাণ করা হয়েছে। এ কারণে পুরো বিল অঞ্চলে স্বাভাবিক পানিপ্রবাহ ও চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয় কৃষক ও কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, বাঁধটির জন্য স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় চলতি বছর বিলের উঁচু এলাকায় বোনা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মৌসুম শেষ হওয়ার পর পানি বের হতে না পারলে কৃষকেরা সঠিক সময়ে পেঁয়াজ, রসুন, গম ও সরিষার আবাদ করতে পারবেন না।
এলাকাবাসী, কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বিলের দক্ষিণ অংশে প্রায় ২০ হাজার হেক্টর ফসলি জমি রয়েছে। বর্ষা মৌসুমে গুমানী নদীর পানি চাটমোহরের বিলচলন ইউনিয়নের কিনু সরকারের নালা ও ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা বৌবাজার নালা দিয়ে বিলে প্রবেশ করে। ২০০৯ সালে পাউবো কিনু সরকারের নালায় একটি জলকপাট নির্মাণ করে। জলকপাট নির্মাণে ত্রুটি থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে থাকে। তখন কাটেঙ্গা বৌবাজার নালা দিয়ে পানি ঢুকে সে ঘাটতি পূরণ করত। কিন্তু চলতি বছর বৌবাজার নালায় পাউবো আড়াআড়ি বাঁধ দিলে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়।
চাটমোহর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পের আট মেট্রিক টন চাল দিয়ে ওই বাঁধটি তৈরি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদের সুপারিশের ভিত্তিতে তারা প্রকল্পটি বাস্তবায়ন করেন।
কৃষকেরা জানান, নির্মাণে ত্রুটি থাকার কারণে চলতি বছর বর্ষা মৌসুমের শুরুতে জলকপাটটি বন্ধ ছিল। স্থানীয়ভাবে এটি খোলা সম্ভব হচ্ছিল না। অপর দিকে বাঁধের কারণে বৌবাজার নালা দিয়েও বিলে পানি প্রবেশ করেনি। এ কারণে বিলের চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরে এলাকাবাসীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে মৌসুম শুরুর ২০ দিন পর পাউবো জলকপাটটি খুলে দিলে বিলে যে পানি প্রবেশ করে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। ফলে বিলের উঁচু এলাকার বোনা আমন ধান পানি না পেয়ে শুকিয়ে যায়।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুম শেষ হওয়ার আগে বৌবাজার নালা থেকে বাঁধটি না সরালে পরবর্তী ফসলের আবাদ করা সম্ভব হবে না। এ ব্যাপারে একমত পোষণ করে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
পাউবোর পাবনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, বৌবাজার নালায় বাঁধটি দেওয়া মোটেই ঠিক হয়নি। সেখানে তাঁদের আরও একটি জলকপাট নির্মাণ করার পরিকল্পনা ছিল। কিনু নালায় নির্মাণ করা জলকপাটটি খোলা এবং বন্ধ করতে যে সমস্যা হচ্ছে, সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আবদুস সাত্তার বলেন, জলকপাটের ১৪টি লিফট গেট ও ১৪টি ফ্লপ গেট রয়েছে। এর মধ্যে সমস্যা তৈরি করছে লিফট গেটগুলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি জলকপাটটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত না নেয়, তবে লিফট গেট যেগুলো খোলা রাখা হয়েছে, সেগুলো খোলা রেখে ফ্লপ গেট দিয়ে পানি ঢোকানো ও বের করার পরিকল্পনা রয়েছে পাউবোর।