সরকারি টাকায় আ.লীগ নেতার পারিবারিক পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ওরফে বেলাল সরকারি টাকায় নিজের ও আত্মীয়স্বজনের নামে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এ পর্যন্ত এসব প্রতিষ্ঠান গড়তে স্থানীয় সাংসদ মির্জা আজম বিধিবহির্ভূতভাবে সোয়া কোটি টাকার বেশি ওবায়দুরকে বরাদ্দ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ওবায়দুর রহমান একে একে বাবা-মায়ের নামে উপজেলার জোড়খালী ইউনিয়নে ‘ফুলজোড় রাবেয়া-রইচ একাডেমি’, নিজের ও স্ত্রীর নামে বালিজুড়ী ইউনিয়নে ‘মাহমুদা-বেলাল বিএম কারিগরি কলেজ’, চাচা-চাচির নামে ‘মোজাম্মেল-মমতাজ কারিগরি মহিলা কলেজ’ এবং দাদার নামে ‘পূর্ব নব্বচর হাজী তমিজউদ্দিন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। সর্বশেষ মা-বাবার নামে ‘রাবেয়া-রইচ উদ্দিন বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট’ গড়ে তোলেন।এই পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফুলজোড় রাবেয়া-রইচ উদ্দিন একাডেমির কোনো কাগজপত্র মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে পাওয়া যায়নি। বাকি চারটি এমপিওভুক্ত হয়নি এখনো। পাঁচটির মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানই ওবায়দুরের নিজ গ্রাম চরপাকেরদহের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত। এগুলো হলো রাবেয়া-রইচ উদ্দিন বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট, চরপাকেরদহ মোজাম্মেল-মমতাজ ভোকেশনাল কলেজ ও চরপাকেরদহ তমেজ পণ্ডিত রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান ২০১০ সালে রাবেয়া-রইচ উদ্দিন বালিকা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরাদ্দ থেকে ৩৩ লাখ টাকা, ত্রাণ মন্ত্রণালয়ের ১০ লাখ ৮০ হাজার এবং জেলা পরিষদ থেকে তিন লাখ টাকা বরাদ্দ নিয়েছেন। প্রতিষ্ঠানটির জন্য আট কক্ষবিশিষ্ট ১৪০ ফুট দীর্ঘ একটি টিনের ঘর তোলা হয়েছে।আওয়ামী লীগের নেতা ওবায়দুর রহমান বলেন, ‘ঘর করার জন্য বোর্ড অনুমতি দিয়েছে। এ রকম প্রতিষ্ঠান গড়তে বরাদ্দ দেওয়া যায়। তাই সাংসদ বরাদ্দ দিয়েছেন।’এলজিইডির উপজেলা প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম মাওলা বলেন, ‘সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ইউএনও সেখানে প্রকল্প দিয়েছেন। আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করেছি মাত্র।’ইউএনও শামীমুল হক বলেন, সাধারণত কোনো বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ার আগে সরকারি বরাদ্দ দেওয়া যায় না।জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘কেউ এলাকার ছেলেমেয়েদের শিক্ষিত করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান করতে এবং এর জন্য সরকারি বরাদ্দ চাইলে আমি সেই প্রতিষ্ঠানের জন্য অবশ্যই বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। তবে বিদ্যালয়ের নামে বরাদ্দের অর্থ আত্মসাৎ করলে বা আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’জানা যায়, ওই প্রতিষ্ঠান গড়তে ছেলেমেয়েদের চাকরি দেওয়ার শর্তে স্থানীয় কয়েকজনের কাছ থেকে ৫২ শতক জমি লিখে নেওয়া হয়েছে। ২০১২ সালের মে মাসে ইনস্টিটিউটটি পাঠদানের অনুমতি পায়, কিন্তু পাঠদান শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। এই প্রতিষ্ঠানে সুপারিনটেনডেন্টসহ ১৪টি পদ রয়েছে। ইতিমধ্যে ১০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ওবায়দুর রহমান বলেন, ‘আমি জমিদাতাদের প্রত্যেকের ছেলেমেয়েকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছি। বোর্ড থেকে কিছুদিনের মধ্যে নিয়োগ কমিটির লোকজন আসবেন। তাঁরা অস্থায়ীভাবে নিয়োগকৃতদের যোগ্যতা যাচাই-বাছাই করবেন এবং সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেবেন।’মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘ওই বিদ্যালয়ে যাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা চাকরি পাবেন কি না, জানি না। সরকারি বিধি মোতাবেক নিয়োগ কমিটি ছাড়া কাউকে নিয়োগ দেওয়া যাবে না।’