সরকারি টাকায় নদ ভরাট
আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের নামে ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদ দখল করা হচ্ছে। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা সরকারি টাকায় নদের মাঝখানে ড্রেজার বসিয়ে বালু তুলছেন। সেই বালু দিয়ে নদের একাংশ ভরাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, নদের পাড়ে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের জন্য ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগের সাংসদ ১৪৩ মেট্রিক টন গম বরাদ্দ দেন, যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। কাগজ-কলমে গত ১২ এপ্রিল থেকে মাটি ভরাটের কাজ শুরুর কথা। বাস্তবে শুরু হয়েছে ১৫-২০ দিন আগে। অবশ্য এই নদ ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের দাবি, আশ্রয়ণ প্রকল্পের জায়গা বাড়াতেই এই ভরাট। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন, আশ্রয়ণ প্রকল্পের লোকজনের স্বার্থের কথা বলে প্রকৃতপক্ষে নদটি হত্যা করা হচ্ছে। দখল করা হচ্ছে নদের জায়গা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শৈলকুপা পৌর শহরের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে কুমার নদ। নদের দক্ষিণে রয়েছে কবিরপুর বাজার, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কয়েকটি প্রতিষ্ঠান। আর উত্তরে রয়েছে মূল শহর। কবিরপুর থেকে শৈলকুপা শহরের সংযোগ ঘটিয়েছে যে সেতুটি, তার পূর্ব পাশেই চলছে এই দখল ও ভরাটপ্রক্রিয়া। জানা গেছে, নদের পাড়ঘেঁষে গড়ে ওঠা এই আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর রয়েছে, যেখানে পৌরসভার পরিছন্নতাকর্মীরা থাকেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একটি সূত্র জানায়, ভরাটের সীমানা দেওয়া হয়েছে প্রস্থে অর্থাৎ পাড় থেকে নদের ভেতর বরাবর ৩৫ ফুট, আর দৈর্ঘ্যে ৭৫ ফুট। বাইরে থেকে মাটি এনে ভরাট কাজ করার কথা। কিন্তু দেখা গেছে, গত ১৫-২০ দিন ধরে নদের মধ্যে ড্রেজার বসিয়ে বালু তুলে ভরাটের কাজ চলছে। নদের মাঝ থেকে বালু ওঠানোয় যেকোনো সময় পাড় ধসের আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, এই নদ ভরাট আসলে কার স্বার্থে, তা তাঁরা বুঝে উঠতে পারছেন না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল জানান, স্থানীয় সাংসদ এই ভরাটের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছেন। সে অনুযায়ী ভরাটের কাজ চলছে। ভরাট হলে আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলোর চলাচলে সুবিধা হবে। এভাবে নদের জায়গা ভরাটে সরকারি অর্থ ব্যয়ের নিয়ম আছে কি না জানতে চাইলে তিনি জানান, তিনি বিস্তারিত বলতে পারবেন না। প্রকল্প সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের পৌরসভা শাখার সাবেক আহ্বায়ক ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুসা খান বলেন, আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলোর কথা চিন্তা করে সাংসদ আবদুল হাই এই প্রকল্প দিয়েছেন। তিনি প্রকল্প সভাপতি হিসেবে কাজ করছেন। তিনি দাবি করেন, কিছু বালু বাইরে থেকে আনা হয়েছে। নদের মধ্যে ড্রেজার বসানো হয়েছে যেন পাড়ের লোকজনের কোনো সমস্যা না হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমুল হক জানান, জায়গাটি নদের হলেও ইতিপূর্বে সেখানে আশ্রয়ণ প্রকল্প গড়ে উঠেছে। পাড়ে হওয়ায় বর্ষার সময় উপরের পানি নদে নামার সময় পাড় ভেঙে যায়। এই ভাঙন ঠেকাতে আশ্রয়ণ প্রকল্পের পাড় বাঁধার কাজ চলছে। নদের ভেতর ভরাট করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের লোকজনের চলাচলের জন্য একটা রাস্তা হবে। রাস্তার ধারে গাছ লাগানো হবে। যে কারণে একটু বেশি জায়গা ভরাট করা হচ্ছে।’শৈলকুপা পৌরসভার বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম বলেন, এটা জনগণের নয়, ব্যক্তিবিশেষের উপকারের জন্য করা হচ্ছে। অপ্রয়োজনীয় এই ভরাট ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।