সরকারি টাকায় নদীতে বাঁধ, আ.লীগ নেতাদের মাছচাষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত বড়াল নদে সরকারি প্রকল্পের আওতায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্বে আড়াআড়ি চারটি বাঁধ নির্মাণ চলছে। এতে নদীর পানিপ্রবাহ এবং নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী ভোগান্তি পোহাচ্ছে। জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে সরকারি নীতিমালা অনুযায়ী নদীতে আড়াআড়ি বাঁধ দেওয়া যায় না। গত বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি কুঠিপাড়া এলাকায় বড়াল নদে আড়াআড়ি চারটি বাঁধ দেওয়া হয়েছে। এতে তিনিটি পুকুর তৈরি হয়েছে। পুকুরগুলো গভীর করার জন্য মাটি কাটা হচ্ছে। মৎস্য অধিদপ্তরে উপজেলা মৎস্য কর্মকর্তার পাঠানো এক চিঠি থেকে জানা গেছে, অবক্ষয়িত জলাশয় উন্নয়ন, পুনঃ খনন ও দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের জন্য ১০ লাখ টাকার এই প্রকল্পটি অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের সভাপতি হরিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম এবং সদস্যসচিব ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম নজরুল ইসলামের ভাই আবদুল মতিন। তাঁদের তত্ত্বাবধানেই মৎস্য প্রকল্পের নামে নদীতে বাঁধ দিয়ে পুকুর তৈরি করা হচ্ছে। স্থানীয় সূত্রগুলো বলছে, এসব পুকুরে মাছ চাষ করা হবে। গত ১১ এপ্রিল উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এ কে এম শামসুদ্দিন খবির প্রকল্পের কাজ উদ্বোধন করেন। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম আবদুল হালিম বাঁধ দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি কিছু বলতে পারব না। কিছু জানতে হলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলুন।’এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে প্রকল্পের সভাপতি আবুল কাশেমকে পাওয়া যায়নি। প্রকল্পের সদস্যসচিব আবদুল মতিন দাবি করেন, তাঁরা অবৈধভাবে কিছু করছেন না।