সরকারি টাকায় নদের বুকে ফের বাঁধ-পুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য অধিদপ্তরের টাকায় কুমার নদে আবারও বাঁধ দিয়ে পুকুর তৈরির ঘটনায় ফুঁসে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি ও আশপাশের এলাকার মানুষ। যথেচ্ছভাবে খননযন্ত্র চালানোয় হাড়গাড়ি গ্রামের অনেক ফসলের খেত নষ্ট হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. টুটুল মিয়া ও তাঁর লোকজন পুকুর তৈরির কাজ করছেন। এলাকাবাসীর আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে হাড়গাড়ি গ্রামসহ কুমারী ও হারদী ইউনিয়নের ২০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেবে এবং ১০ হাজার বিঘা আবাদি জমি পানির নিচে চলে যাবে। এর আগে গত ২৭ জানয়ারি আলমডাঙ্গার মাধবপুরে অভিন্ন কায়দায় পুকুর তৈরির উদ্যোগ নিলে জনতার প্রতিরোধের মুখে তা বন্ধ হয়ে যায়।সরেজমিনে দেখা গেছে, মৎস্য অধিদপ্তর ২০১১-১২ অর্থবছরে চিহ্নিত অবক্ষয়িত জলাশয় উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণ প্রকল্পের আওতায় কুমার নদ পুনঃখনন প্রকল্প গ্রহণ করে। মিরপুর উপজেলার শুকচা ও আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া কুমার নদ পুনঃখননের জন্য ভূমিহীন সমিতিকে (এলসিএস) চুক্তিবদ্ধ করা হয়। ৮০০ মিটার লম্বা ও ১২০ থেকে ১৫০ মিটার পর্যন্ত প্রশস্ত অংশ খননের জন্য ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। মো. টুটুল মিয়া ও তাঁর ঘনিষ্ঠরা ভূমিহীন সমিতির নামে এই প্রকল্প বাস্তবায়ন করছে। নদের বুকে বাঁধ ও পুকুর তৈরির খবর ১৬ ফেব্রুয়ারি ছড়িয়ে পড়লে এলাকাবাসী প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে নদের বুক ছেড়ে তীরবর্তী হাড়গাড়ি গ্রামে ফসলের খেতে খননযন্ত্র চালানো হয়। সেখানে মাটি খুঁড়ে ও ফেলে বিপুল পরিমাণ ফসলের খেত নষ্ট করা হয়।আলমডাঙ্গার কুমারী ইউপির চেয়ারম্যান আবদুল কাদের মোল্লা জানান, এই নদের বুক ও পাড়ে এলাকার কৃষকেরা শুষ্ক মৌসুমে বংশপরম্পরায় ধানের আবাদ করেন। তীরবর্তী এলাকায়ও বিপুল পরিমাণ জমিতে ধান, আখ, সরিষা, মসুরসহ বিভিন্ন ফসল রয়েছে। অথচ টুটুল মিয়া ও তাঁর লোকজন বাঁধ ও পুকুর তৈরির জন্য কুমার নদে খননযন্ত্র নামিয়ে যাচ্ছেতাই কাণ্ড করছেন।টুটুল মিয়া জানান, ভূমিহীন সমিতির কাজ তিনি নিজেই তদারকি করছেন। নিয়ম অনুযায়ী দুই পাশে বাঁধ দিয়ে খননকাজ চলছে। তিনি বলেন, পুকুর তৈরির অভিযোগ অবান্তর। খনন শেষ হলেই বাঁধ খুলে দেওয়া হবে। কারও ব্যক্তিগত জমিতে খননযন্ত্র চালানো হয়নি দাবি করে তিনি বলেন, তাঁকে জড়িয়ে মিথ্যাচার চালানো হচ্ছে।