সরকারি টাকায় নেতার বাড়ির রাস্তার কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সরকারি টাকায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বাড়ির রাস্তার কাজ অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপে গতকাল মঙ্গলবার এ কাজ বন্ধ করা হয়।
উপজেলার সিংজুরী ইউনিয়নের নকিববাড়ী গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ বিশ্বাসের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি তৈরি করা হচ্ছিল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের (দ্বিতীয় পর্যায়) অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় সিংজুরী ইউনিয়নের বালিয়াবাধা গ্রামের আছর উদ্দিনের বাড়ি থেকে আশাপুর নয়াপাড়া গ্রামের আফসার উদ্দিনের বাড়ি পর্যন্ত এবং নকিববাড়ী গ্রামের কিয়ামুদ্দিনের বাড়ি থেকে সাইফুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। আছর উদ্দিনের বাড়ি থেকে আফসার উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ৫৬ জন এবং কিয়ামুদ্দিনের বাড়ি থেকে সাইফুলের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে ৩৫ জন নারী শ্রমিকের জন্য বরাদ্দ দেওয়া হয় সাত লাখ টাকা। কিন্তু এ প্রকল্পের অর্থ দিয়ে গত সোমবার নকিববাড়ী গ্রামে আওয়ামী লীগ নেতা লতিফ বিশ্বাসের বাড়িতে যাওয়ার ওই রাস্তা তৈরির কাজ শুরু করা হয়। যে জায়গায় মাটি ফেলে রাস্তা তৈরি করা হচ্ছিল, সেটি সরকারি জমি নয়।
এ ঘটনা নিয়ে গতকাল প্রথম আলোয় ‘সরকারি টাকায় নেতার বাড়ির রাস্তা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি নজরে এলে পিআইও কার্যালয় গতকালই ওই রাস্তার কাজ বন্ধের নির্দেশ দেয়।
এরপর ওই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।