সরকারি টাকায় পাকা হচ্ছে সাংসদের ইটভাটার রাস্তা!
খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রদিয়া মল্লিকপাড়ায় জনবসতির মাত্র ১০০ গজের মধ্যে তিন-তিনটি ইটভাটা গড়ে উঠেছে। এর একটির মালিক খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাংসদ নারায়ণচন্দ্র চন্দ। সাংসদের ব্যক্তিগত ইটভাটায় যাতায়াতের জন্য সরকারি বরাদ্দের সাড়ে ৩৪ লাখ টাকা ব্যয়ে একটি পাকা রাস্তা তৈরি হচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, দুই বছর আগে উপজেলার ভদ্রদিয়ার মল্লিকপাড়ার বসতবাড়ির ৫০ গজ দূরে এলাকাবাসীর মতামতকে উপেক্ষা করে সাংসদ ‘কেপি ব্রিক্স’ নামে একটি ইটের ভাটা গড়ে তোলেন। পরে তাঁর ইটভাটার পাশে পর্যায়ক্রমে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক গাজী আবদুল হাদীর ভাই আবদুল সালাম গাজী ‘সেতু ব্রিক্স’ এবং ব্যবসায়ী হাফিজুর রহমান ‘এবি’ নামে আরও দুটি ইটের ভাটা গড়ে তোলেন।এলাকাবাসীর অভিযোগ, সড়কটি তাদের তেমন কোনো উপকারে আসবে না। সাংসদের ইটভাটার মালামাল ও ইট পরিবহনের সুবিধার্থে রাস্তাটি তৈরি হচ্ছে। সাংসদ প্রভাব খাটিয়ে ইটভাটার জন্য সড়কটি তৈরি করছেন। তাঁদের দাবি, ভদ্রদিয়া গ্রামের মধ্য দিয়ে যে সড়কটি শোভনা গ্রামের সঙ্গে মিশেছে সেটি পাকা হলে লোকজন বেশি উপকৃত হতো।ভদ্রদিয়া গ্রামের মাসুদ কবির বলেন, রাস্তাটি করা হচ্ছে সাংসদের ইটভাটার জন্য। এ রাস্তাটি ভাটা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। একই গ্রামের নজরুল ইসলাম বলেন, ভদ্রদিয়া জামে মসজিদের মোড়ের বাঁ পাশ দিয়ে যে বাইপাস সড়কটি ভদ্রদিয়া গ্রামের মধ্য দিয়ে শোভনা গ্রামের সঙ্গে মিশেছে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তৈরি হলে প্রায় ৪০ হাজার লোকের উপকার হতো। যে সড়কটি তৈরি হচ্ছে তাতে আশপাশের বড়জোর ৫০০ লোকের উপকার হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক শোভনা গ্রামের এক ব্যক্তি জানান, ‘একটা দেশে সরকার আছে, জনপ্রতিধিরা আছেন। জনপ্রতিনিধিরা মানুষের উপকার করবেন। কিন্তু তাঁরা দেখেন নিজেদের স্বার্থ। দরকারি রাস্তা পাকা হয় না। পাকা হয় সাংসদের ইটভাটার রাস্তা।’ ৪ নম্বর ভদ্রদিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বলাই কর্মকার (৪৫) বলেন, ‘এ রাস্তা নির্মাণে জনগণ তেমন উপকার পাবে না। যা উপকার হবে তা রাস্তা নির্মাণকারীদের।’ ৪ নম্বর খর্ণিয়া ইউপির চেয়ারম্যান শেখ দিদার হোসেন বলেন, যে বাইপাস সড়কটি ভদ্রদিয়া গ্রামের মধ্য দিয়ে শোভনা গ্রামের সঙ্গে মিশেছে সেটি বেশ গুরুত্বপূর্ণ। এ সড়কটি হলে সব থেকে ভালো হতো।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) খুলনা কার্যালয় সূত্রে জানা যায়, খর্ণিয়া বাজার থেকে ভদ্রদিয়া মল্লিকপাড়া পর্যন্ত পাকা রাস্তাটি দৈর্ঘ্যে এক হাজার ৫০ মিটার ও প্রস্থে হবে তিন মিটার। এতে ব্যয় হচ্ছে ৩৪ লাখ ৪৬ হাজার ৬৪৬ টাকা। আইআরআইডিপির (অগ্রধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি আবকাঠামো উন্নয়ন প্রকল্প) অর্থায়নে এ কাজটি বাস্তবায়িত হচ্ছে। এ কাজের ঠিকাদারি পেয়েছেন মিজান এন্টারপ্রাইজের মিজান উদ্দিন। কার্যাদেশ অনুসারে কাজটি শুরু হয় ১৭ ফেব্রুয়ারি। ২০ আগস্টের মধ্যে শেষ করার আদেশ থাকলেও এখনো কাজটি শেষ হয়নি।ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আবদুল হাদী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংসদ নারায়ণচন্দ্র চন্দ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এ সড়কটি দিয়েও জনসাধারণ চলাচল করে। একবারে তো সব সড়ক পাকা করা সম্ভব নয়। ধীরে ধীরে ওইসব সড়কও পাকা করা হবে।