সরকারি টাকায় প্রবাসীর ভিটে ভরাট করলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় নেতার বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের কর্মী দিয়ে এক কুয়েতপ্রবাসীর বাড়ির ভিটে ভরাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনি ও রোববার মাটি ফেলে ওই প্রবাসীর জমি ভরাট করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী এলাকায় কুয়েতপ্রবাসী হালিম সরদারের আধা পাকা তিনটি ঘর রয়েছে। বাড়ির সঙ্গে আছে একটি মজা পুকুর। বাড়ির ভিটেসংলগ্ন পুকুরপাড়ে বাঁশ দিয়ে ৩০০ ফুট এলাকা পাইলিং করা হয়েছে। ইতিমধ্যে সেখানে কয়েক মিটার অংশ মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
এলাকার কয়েকজন বলেন, গত শনি ও রোববার প্রতিদিন কর্মসৃজন প্রকল্পের ১৬ থেকে ১৭ জন নারী শ্রমিক মাটি ভরাটের কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি ঈদগাহ মাঠ ভরাটের জন্য ৪০ দিনের কাজ শুরু করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। ৩০ দিনের কাজ শেষে প্রকল্প সভাপতি হিসেবে আবুল কালাম আজাদ গত শনিবার থেকে কাটাখালী বাজারসংলগ্ন বেড়িবাঁধ সড়কের হালিম সরদারের বাড়ির ভিটে ভরাটের জন্য প্রকল্পের ১৬ জন নারী কর্মী দিয়ে কাজ করান।
হালিম সরদারের বাবা আজিজ সরদার বলেন, আবুল কালাম আজাদের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় একটি পক্ষের বিরোধ থাকায় এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মাত্র দুই দিন ওই প্রকল্পের নারী শ্রমিক দিয়ে মাটি ভরাটের কাজ করানো হয়। পরে আপত্তি আসায় আর করানো হয়নি।
আবুল কালাম আজাদ বলেন, ‘ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করব। এ কারণে আওয়ামী লীগসহ স্থানীয় একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। কর্মসৃজন প্রকল্পের কাজ অনেক সময় স্থানীয় অনেকের অনুরোধে একটু-আধটু করে দিতে হয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামাণিক বলেন, সরকারি টাকায় কারও ব্যক্তিগত ভিটে ভরাটের সুযোগ নেই। তিনি বলেন, ঘটনা সত্য হয়ে থাকলে যেসব শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে, তাঁদের দুই দিনের বিল দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নোটিশ দিতে বলা হয়েছে।