সরকারি টাকায় বন উজাড় বসানো হচ্ছে গরুর হাট
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারসংলগ্ন এলাকায় বন উজাড় করে গরুর হাট বসানোর কাজ চলছে। হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের টাকায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পুকুর খনন এবং গরুর হাট বসানোর কাজ করতে গিয়ে ইতিমধ্যে দেড় একর বনের ছোট-বড় অন্তত ১৫০ ছৈলা ও কেওড়াগাছ কেটে ফেলা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বাবলাতলা বাজারের গরুর হাট বসানোর লক্ষ্যে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অধীনে মাটি ভরাটের প্রকল্প গ্রহণ করে কলাপাড়া উপজেলা পরিষদ। প্রকল্পে ২১৫ জন শ্রমিক দৈনিক ১৭৫ টাকা মজুরিতে ৪০ দিন কাজ করার কথা রয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ পাঁচ হাজার টাকা। প্রকল্প কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে নবগঠিত বালিয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মর্জিনা বেগমকে। সরেজমিনে দেখা গেছে, বাজারের পূর্বপাশে বেড়িবাঁধের বাইরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনের ভেতর গরুর হাট বসানোর কাজ চলছে। বনের একটি স্থান থেকে মাটি খনন করে এর উত্তর পাশে ভরাট করে ভিটি বানানো হচ্ছে। এখানেই বসবে গরু বেচাকেনার হাট। ইতিমধ্যে খনন করা স্থানটি পুকুরের মতো হয়ে গেছে। এর চারপাশেও মাটি ফেলে পাড় তৈরি করা হচ্ছে। পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভ জাতীয় ছৈলা ও কেওড়াগাছ। এই গাছগুলোর গোড়ার চারপাশ থেকে এমনভাবে মাটি কাটা হয়েছে একটু বাতাসেই উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে মর্জিনা বেগম বলেন, ‘আমি প্রকল্প কমিটির চেয়ারম্যান হলেও কীভাবে কাজ করা হচ্ছে কিছুই জানি না। আমাকে সামনে রেখে মূলত কাজ করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা মজিবর তালুকদার, সালাউদ্দিন মাস্টারসহ কয়েকজন।’ মজিবর তালুকদার জানান, জনগণের স্বার্থেই এ কাজ করা হচ্ছে।কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা খোন্দকার ইয়াকুব আলী বলেন, ‘এটা আমাদের জায়গা নয়, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে প্রাকৃতিকভাবে বন সৃষ্টি হয়েছে। সে কারণে গাছ কাটায় বাধা দেওয়ার এখতিয়ার আমাদের নেই এবং আইনগত কোনো ব্যবস্থাও আমরা নিতে পারি না। তার পরও আমি বিট কর্মকর্তাকে খোঁজ নিতে বলব।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সফিকুল ইসলাম বলেন, ‘জনগণের সুবিধার জন্য গরুর হাটের কাজ করা হচ্ছে। সেখানে গাছ কেটে কাজ করা হোক তা আমরা চাই না। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানাব এবং দু-এক দিনের মধ্যে সুপারভাইজারকে ঘটনাস্থলে পাঠাব।’কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বনের গাছ কেটে পরিবেশের ক্ষতি করে এ ধরনের কাজ সমর্থনযোগ্য নয়। অন্যায় ও বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।