সরকারি টাকায় বালু উত্তোলন, হুমকিতে বসতভিটা ও রাস্তা
খেলার মাঠ ভরাটের নামে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুরিয়া গ্রামে সরকারি টাকায় পুকুর থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। তিন দিন ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু তোলায় আশপাশের ১০টি পরিবারের বসতভিটা ও একটি রাস্তা হুমকির মুখে পড়েছে।এ বিষয়ে কয়েক দিন আগে ওই পরিবারগুলোর পক্ষ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।মুকসুদপুরের সহকারী কমিশনার (ভূমি) শহিদুল হক পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি জমি থেকে বালু বা মাটি তুলতে হলে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। কিন্তু কানুরিয়া গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা আবেদন না করেই অবৈধভাবে পুকুর থেকে বালু তুলছেন। দিকনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামরুজ্জামানকে এ ব্যাপারে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।ওই গ্রামের কালিপদ মণ্ডল ও মাখন লাল মণ্ডল জানান, উপজেলার ১৩২ নম্বর কারুনিয়া মৌজার ৪২ শতাংশ জমি খাস খতিয়ানভুক্ত। এক দশক আগে স্থানীয় লোকজন সেখানে একটি পুকুর খনন করে। এ পুকুর থেকে এক হাজার ২০০ গজ দূরে একই মৌজায় হিন্দুদের দোল ভিটার ৪০ শতাংশ খাসজমি খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পুকুর ও খেলার মাঠের মধ্যবর্তী স্থানে কয়েক বছর আগে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। এবার টিআর কর্মসূচির একটি প্রকল্পের আওতায় ওই মাঠ উন্নয়নের জন্য উপজেলা পরিষদ থেকে দেড় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। দিকনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য অরবিন্দু মণ্ডলকে এ প্রকল্পের সভাপতি করা হয়। কিন্তু বরাদ্দ করার পর ওই চাল উঠিয়ে মাঠ ভরাটের নামে গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা ওই পুকুর থেকে বালু তুলছেন।অরবিন্দু মণ্ডল জানান, তিনি কাগজে-কলমে ওই প্রকল্পের সভাপতি। কিন্তু মাঠটি ভরাট করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তাঁরা মাঠ ভরাটের নামে পুকুর থেকে বালু তুলছেন। এ ব্যাপারে তাঁর কিছু করার ক্ষমতা নেই।ওই গ্রামের শেখ ওহাব, সৈয়দ আলী ফকির ও বিলকিস বেগম অভিযোগ করেন, যার যখন প্রয়োজন হয়েছে, তখন ওই পুকুর খনন করে মাটি নিয়ে গেছে। এ কারণে ইতিমধ্যে আলী ফকিরের দুই কাঠা জমি ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। এখন আবার বালু তোলা হলে তাঁদের বসতভিটাও ভেঙে যেতে পারে।বালু উত্তোলনকারী ব্যক্তিদের নেতৃত্বে আছেন ওই গ্রামের শেখ মোসলেম। তিনি জানান, মামলা ও গ্রেপ্তার করা হলেও তাঁরা ওই পুকুর থেকে বালু তুলবেন। কারণ, অন্য কোনো এলাকা থেকে বালু আনার সুযোগ নেই। কমিটির পরিবর্তে তাঁরা কেন মাঠ ভরাটের কাজ করছেন, তা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন জানান, তিনি এ ব্যাপারে সরেজমিনে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন বলেন, পুলিশ গিয়ে কয়েকবার বালু তোলা বন্ধ করে দিয়েছে। এর পরও বালু তোলা হচ্ছে। মামলা হলে বালু তোলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।