সরকারি টাকায় ব্যক্তিগত রাস্তা!
বগুড়ার ধুনটে কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে সদর ইউনিয়নের সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে মন্টুর জমিতে যাওয়ার রাস্তার মাটি ভরাটের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরের (প্রথম পর্যায়) অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ৩২টি প্রকল্প বাস্তবায়নে দুই হাজার ১২১ জন শ্রমিকের জন্য এক কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ধুনট সদর ইউনিয়নে তিনটি প্রকল্পের রাস্তার মাটি ভরাটের জন্য ১০৯ জন শ্রমিকের ৪০ দিন কাজ করার কথা। সেই হিসেবে শ্রমিকদের তিনটি দল তিন সপ্তাহ ধরে প্রকল্পের কাজ করছেন। কিন্তু সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রকল্পের সদস্য মোস্তাফিজুর রহমান ওই প্রকল্পের ২০ জন শ্রমিক দিয়ে গতকাল শনিবার সকাল থেকে উল্লাপাড়া গ্রামে তাঁর ব্যক্তিগত জমিতে যাওয়ার রাস্তায় মাটি ভরাটের কাজ করাচ্ছেন। ওই গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ, বাবুল, রুবেল, মজনু মিয়া অভিযোগ করেন, মোস্তাফিজুর রহমান তাঁর জমিতে যাতায়াতের সুবিধার জন্য প্রকল্পের শ্রমিক দিয়ে রাস্তায় মাটি ভরাটের কাজ করাচ্ছেন। শ্রমিক সর্দার আবদুল জলিল বলেন, ‘আমাইগরে মেম্বরের কথামতো এহেনে তাঁর জমিতে যাওয়ার লাইগা সড়ক বানানোর কাম হরছি। মন্টু মেম্বর আমাইগরে ট্যাহা দেয়, তাই তাঁর কথামতো কাম হরতে হয়।’সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘যেখান দিয়ে রাস্তা তৈরি করে জমিতে যাওয়া হবে, সেই মাঠে আমার জমি নেই। জনগণের স্বার্থেই নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। তবে রাস্তাটি প্রকল্পভুক্ত ছিল না।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ও কর্মসূচির প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা (ট্যাগ অফিসার) তারাজুল ইসলাম বলেন, ‘শনিবার সরকারি ছুটি থাকায় আমি প্রকল্প এলাকায় যেতে পারিনি। এই সুযোগে ইউপি সদস্য হয়তো তাঁর ব্যক্তিগত রাস্তায় মাটি ভরাটের কাজ করাচ্ছেন। বিষয়টি ইউপি সদস্য আমাকে জানাননি।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহেল কাফি বলেন, ‘ইউপি সদস্য তাঁর ব্যক্তিগত রাস্তায় কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে কাজ করানোর বিষয়টি আমার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে পরে রেজুলেশন করে রাস্তাটি প্রকল্পভুক্ত করার নিয়ম আছে। এটা না করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’