সরকারি তথ্যভান্ডারের তালিকা থেকে জনশক্তি রপ্তানি স্থগিত
সরকারি তথ্যভান্ডারের তালিকা থেকে জনশক্তি রপ্তানির বিধান বাধ্যতামূলক করে জারি করা প্রজ্ঞাপনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি রুল দেন।
গত ২৮ মার্চ সরকারি তথ্যভান্ডারের বাইরে অন্য তথ্যভান্ডার থেকে জনশক্তি রপ্তানি নিষিদ্ধ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রজ্ঞাপন (সার্কুলার) জারি করে। সরকারি তথ্যভান্ডার থেকে জনশক্তি বাছাইয়ের বিধান রেখে ৭ এপ্রিল আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ দুটি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি মো. শাহজালাল মজুমদার গত সপ্তাহে রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ এম মেসবাহউদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।