সরকারি তহবিল থেকে বেতন-ভাতার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি তহবিল থেকে শতভাগ বেতন-ভাতা পাওয়ার দাবিতে সুনামগঞ্জ জেলার চারটি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন। একই দাবিতে গতকাল চাঁদপুরের সাতটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও মানববন্ধন করেছেন।

গতকাল দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও দিরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কালীকৃঞ্চ পাল, সুনামগঞ্জ পৌরসভার প্রধান প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, জগন্নাথপুর পৌরসভা সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আলী হোসেন, সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী, জ্যোতিলাল সরকার, নুরুজ্জামান সুজন, ফরিদ আলী, সাজু মিয়া প্রমুখ। পরে একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

চাঁদপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন, অবসরকালীনসহ সব ধরনের ভাতা এবং অন্যান্য সুবিধা সরকারি তহবিল থেকে পাওয়ার দাবিতে গতকাল বেলা ১১টা থেকে এক ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। এতে চাঁদপুর পৌরসভাসহ জেলার সাত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম বলেন, দেশের ৩২৬টি পৌরসভার ২৬ হাজার কর্মকর্তা-কর্মচারী ২ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। সরকারি রাজস্ব খাত থেকে বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। পরে তাঁরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।