সরকারি তোড়জোড় মানুষের সাড়া নেই
দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক তোড়জোড় চলছে সরকারি পর্যায়ে। সাম্প্রতিক সহিংসতায় আতঙ্কে থাকা মানুষের মধ্যে নির্বাচন ও ভোট দেওয়া নিয়ে কোনো আগ্রহ নেই লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে। বেশির ভাগই বলছেন, তাঁরা ভোট দিতে যাবেন না। প্রার্থী ও তাঁদের কর্মীরা মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসাটাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের ব্যাপক সাফল্য এলেও লক্ষ্মীপুরের চারটি আসনই পেয়েছিল বিএনপি। আর এবার লক্ষ্মীপুর-৩ (সদর) ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার-সমর্থক প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন। লক্ষ্মীপুর-১ ও লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচন হচ্ছে।
এবার এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন নাসা গ্রুপের পরিচালক শিল্পপতি আবদুল্লাহ আল মামুন, হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দীন চৌধুরী ও ফুটবল প্রতীকে নির্বাচন করছেন শরীফউদ্দীন। লাঙ্গল প্রতীকে বেলাল হোসেন নামের একজন দাঁড়ালেও এখন পর্যন্ত তাঁকে এলাকায় দেখা যায়নি।
আওয়ামী লীগের কমলনগর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আমিন বলেন, ‘তাদের (১৮ দল) ভোট বর্জনের ডাকে মানুষ সাড়া দেয়নি। এখন মানুষ যদি ভোট দিতে না যায়, তাহলে বুঝতে হবে তাদের নাশকতায় মানুষ আতঙ্কিত হয়েছে।’ এই নাশকতা না থাকলে সাধারণ লোকজন দলে দলে ভোট দিতে যেতেন বলে তিনি দাবি করেন।
বিএনপির সাংসদ আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে গঠিত হয়েছে নির্বাচন প্রতিরোধ সংগ্রাম কমিটি। আশরাফ উদ্দিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘কমলনগরের ৯০ ভাগ আর রামগতির ৮০ ভাগ মানুষ এই ভোটে “না” বলবে।’
গতকাল এই আসনে তিনটি ভোটকেন্দ্রে আগুন লাগানো হয় আর দুটি কেন্দ্রে লাগানোর চেষ্টা হয়। গতকাল কমলনগরে নির্বাচনের সরঞ্জাম বহনের কাজে ব্যবহূত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। তবে এতে কোনো নির্বাচনী সরঞ্জাম ছিল না।
সাড়া নেই মানুষের: আইয়ুব আলী মাস্টার বলেন, ‘কীয়ের ইলেকশন। চা নাই, পান নাই, কোনো আওয়াজ নাই; হুদাই ইলেকশন।’ পঞ্চাশোর্ধ্ব এই মাঝি বলেন, ‘জীবনে যা দেখি নাই, তা এই বছরে দ্যাখলাম। হরতালে কোনো দিন নৌকা আটকায় নাই, এহন হরতালে নৌকা আটকায়। মাছ ধরতে পর্যন্ত যাইতে দেয় না।’
রামগতির কয়েকটি গ্রামে ঘুরেও একই চিত্র দেখা গেছে। চরবাদাম ইউনিয়নের হরিণ মার্কার নির্বাচনী কর্মী সাহাবুদ্দীন বলেন, মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। এ কারণে বিশেষ করে মহিলারা ভোটকেন্দ্রমুখী হবেন না বলে তাঁরা আশঙ্কা করছেন।
কর্মকর্তারা বলছেন, বিএনপি-জামায়াতের ঘাঁটিতে খুব আতঙ্ক নিয়ে তাঁরা নির্বাচনী কাজ করতে যাচ্ছেন। তবে স্বস্তির বিষয় হচ্ছে, সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর জোরালো তৎপরতা রয়েছে।