সরকারি সেবা ও সুবিধাপ্রাপ্তি এবং জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে যশোরে গণশুনানি হয়েছে। গতকাল বুধবার যশোর জিলা স্কুল মিলনায়তনে গণশুনানিতে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাধারণ জনগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর। দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই গণশুনানির আয়োজন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন।
যশোর পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলে শহরের গাড়িখানা সড়কের শিরিন বেগম বলেন, ‘জেলা প্রশাসকের কাছ থেকে জমি বরাদ্দ নিয়ে গাড়িখানা সড়কে স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিলাম। পুলিশ সুপার আনিসুর রহমান বেআইনিভাবে পুলিশ দিয়ে আমাদের উচ্ছেদ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।’
একই ধরনের অভিযোগ তুলে শিরিন বেগম ছাড়াও ১৩ জন বক্তব্য দেন। জবাবে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, অভিযোগ সঠিক নয়। ওটা পুলিশের জায়গা। কিছু মানুষ অবৈধভাবে সেখানে বসবাস করত। পুলিশের জায়গা উদ্ধার করা হয়েছে মাত্র।
গণশুনানি অনুষ্ঠানের সঞ্চালক জেলা প্রশাসক হুমায়ুন কবীর বলেন, বিষয়টি নিয়ে মামলা চলছে। এ জন্য এ বিষয়ে এখন কোনো সমাধান দেওয়া যাচ্ছে না। এই অভিযোগের বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার পরামর্শ দেন।
পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে শহরের কাঁচাবাজার এলাকার জিকরুল্লাহ ফারুক বলেন, ‘আমার বসতবাড়ির সামনে ফুটপত ইজারা দিয়ে কাঁচাবাজার বসানো হচ্ছে। এতে আমাদের খুব সমস্যা হচ্ছে।’
এ প্রসঙ্গে জেলা প্রশসক হুমায়ুন কবীর বলেন, ফুটপত দখলমুক্ত করার জন্য পৌরসভা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে।
এ ছাড়া সেবাগ্রহীতারা সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা কার্যালয়, যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন। অভিযোগের বিষয়ে উত্তর দেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
সরকারি দপ্তর দালালমুক্ত করার প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, ‘যশোরের সব সরকারি দপ্তরে দালাল প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়, মুঠোফোন নম্বর, কাজ ও সেবাপ্রাপ্তির স্থান উল্লেখ করে নোটিশ বোর্ড টাঙাতে হবে। এক সপ্তাহের মধ্যে প্রতিটি সরকারি দপ্তরে সিটিজেন চার্টার (নাগরিক সনদ) টাঙাতে হবে।’ এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজদের চিহ্নিত করতে জনগণকে সোচ্চার হতে হবে। জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নম্বরে ফোন করে অভিযোগ দেওয়া যাবে। দুর্নীতি দমন কমিশনে অভিযোগের ফলে শাস্তির হার বেড়েছে। নয় মাস আগে অভিযোগে শাস্তির হার ছিল ৩৭ শতাংশ। বর্তমানে ৫৫ শতাংশ অভিযোগের শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে।’
গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবুল হাসান, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোর শাখার সাধারণ সম্পাদক বিনয়কৃষ্ণ মল্লিক, সদস্য জাহিদ হাসান।