সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তার পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তার পদ শূন্য রয়েছে কয়েক বছর ধরে। একজন কর্মকর্তা একাধিক দপ্তরের দায়িত্ব পালন করছেন। নিজ উপজেলা ছাড়াও অন্য উপজেলার অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। কর্মকর্তার পদ শূন্য থাকায় সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শূন্য পদে কর্মকর্তা পদায়নের জন্য বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কাজ হয়নি৷
বিভিন্ন দপ্তরের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার হিসাবরক্ষণ কার্যালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তার পদসহ পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য রয়েছে। ২২টি অধিদপ্তরের ৪৬টি খাতে লেনদেন করছেন মো. আলমগীর আলম নিজামী নামে একজন মাত্র অডিটর। ২০০৪ সাল থেকে শূন্য রয়েছে সহকারী কমিশনারের (ভূমি) পদ। এ পদে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ১৯৯৫ সাল থেকে শূন্য রয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার পদটি। এ পদে বর্তমানে অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা। তিনি মহালছড়ি উপজেলার দািয়ত্বও পালন করেন৷
২০০৯ সাল থেকে শূন্য রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার পদটি। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসক নিশান চাকমা। ২০০৯ সাল থেকে শূন্য রয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার পদটি। বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী মৎস্য কর্মকর্তা অর্বণা চাকমা। ২০১৩ সালের জানুয়ারি থেকে শূন্য রয়েছে উপজেলা কৃষি কর্মকর্তার পদ। এ ছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তার পদটিও ২০১০ সাল থেকে শূন্য রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শূন্য রয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকর্তা ঝরনা চাকমা৷ ২০১৩ সাল থেকে শূন্য রয়েছে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদ। বর্তমানে এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জেলা কর্মকর্তা। ২০১১ সাল থেকে শূন্য রয়েছে প্রািণসম্পদ কার্যালয়ের ভেটেরিনাির সার্জনের পদটি। ২০০৮ সাল থেকে শূন্য রয়েছে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী দায়িত্ব পালন করছেন পানছড়ি উপজেলার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চাকমা বলেন, ‘একজন কর্মকর্তা কয়টি দায়িত্ব পালন করতে পারেন। আমি নিজ পদ ছাড়াও মহালছড়ি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছি। উপজেলার নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছি।’ হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ের অডিটর মো. আলমগীর আলম নিজামী বলেন, ‘২২ অধিদপ্তরের ৪৬টি খাতে লেনদেনের কার্যক্রম আমাকে একাই করতে হচ্ছে। সব কাজ শেষ করে জেলায় গিয়ে স্বাক্ষর আনতে হয়।’
বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা বলেন, হিসাবরক্ষণ কর্মকর্তার পদ শূন্য থাকায় উপজেলা সদরে বিলের জন্য এসে দুই ঘণ্টার কাজ করতে দুই দিন সময় লাগছে। আবার কাজ শেষে জেলা সদরে গিয়ে স্বাক্ষর আনতে হচ্ছে। মেরুং ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন, বোয়ালখালীর চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, অনেক দূর থেকে সাধারণ মানুষ ছবি সত্যায়িতসহ বিভিন্ন কাজে উপজেলা সদরে আসেন, কিন্তু কর্মকর্তা না থাকায় তাঁরা বিমুখ হয়ে ফিরে যান। কর্মকর্তার শূন্য পদগুলোতে পদায়ন করা জরুির।
ইউএনও ফজলুল জাহিদ পাভেল বলেন, শূন্য পদে কর্মকর্তা পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দিয়ে জানানো হয়েছে।