সরকারি দপ্তরগুলোতে সেবা পেতে ভোগান্তি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসের বাইরে টাঙানো আছে সিটিজেন চার্টার (নাগরিকদের জন্য ঘোষণাপত্র)। এতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কোথায় গেলে কোন সেবা মিলবে। কোন সেবা পেতে কী করতে হবে। ফলে সেবা পেতে এখন আর আগের মতো হয়রানি বা ভোগান্তি পোহাতে হয় না। সরকারি দপ্তরগুলোতে সেবার মান পরিবর্তন হচ্ছে। সরকারি সেবা নিয়ে সাধারণ মানুষের ধারণাও পাল্টাচ্ছে।
গতকাল রোববার দুপুরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সামগ্রিক মান ব্যবস্থার মাধ্যমে জনসেবার মানোন্নয়ন শীর্ষক ‘কাইযেন’ সম্মেলনে সরকারি কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ের জনসেবার চিত্র তুলে ধরেন।
জাইকার অর্থায়নে সরকারি অফিসে জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে ‘কাইযেন’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে সীমিত সম্পদে সরকারি অফিসে অধিক জনসেবা দেওয়া যায়।
সম্মেলনে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক আমজাদ হোসেন বলেন, কাইযেন বিশেষ কোনো প্রকল্প নয়। এটি শুধু সরকারি সেবাদানকারীদের চোখ-কান খুলে দেওয়া এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা। তাই এটিকে প্রকল্প হিসেবে না নিয়ে দায়িত্ব হিসেবে নিয়ে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘প্রতিমুহূর্তে মাথায় রাখতে হবে, আপনি সেবাগ্রহীতা হলে কেমন সেবা চাইতেন। সরকারি কার্যালয়ে সেবাগ্রহীতা এলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।’
সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আব্দুর রহমান। সম্মেলনে কক্সবাজারের ২৩টি সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকারুজ্জামান বলেন, ভূমি অফিসের এখন আর কাউকে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয় না। বাইরে টাঙানো সিটিজেন চার্টারে অফিসের সব তথ্য দেওয়া রয়েছে। নথি বা খতিয়ানের জন্য এখন দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। মাত্র পাঁচ মিনিটেই খতিয়ান পাওয়া যায়। তিনি বলেন, ভূমি অফিসের কর্মচারীদের পরিচয়পত্র গলায় ঝোলানো থাকার কারণে কেউ প্রতারণার শিকার হয় না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মনজুর আলম সিদ্দিকী বলেন, কাইযেনের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক আ ক ম শাহরীয়ার বলেন, কাইযেন পদ্ধতি সেবা দেওয়া ও পাওয়ার ধারণাকে পাল্টে দিয়েছে। আর এর সুফল ভোগ করছে জনগণ।
চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হোসেন বলেন, আগে প্রতিবন্ধীদের বিষয়ে কারও তেমন একটা আন্তরিকতা ছিল না। এখন প্রতিবন্ধীদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন ও বিদ্যালয়ে পাঠানো থেকে শুরু করে সব ধরনের কাজ করা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান বলেন, কাইযেন শুরু হওয়ার পর থেকে শিক্ষাঙ্গনের পরিবেশ পাল্টে গেছে। আগে বিদ্যালয়ের আঙিনা ও টয়লেট অপরিষ্কার থাকত।
কক্সবাজার পৌরসভার সচিব সামশুদ্দিন বলেন, পরিকল্পনা না থাকায় আগে সেবাদানে বিলম্ব হতো। এখন সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীরাও অনেক বেশি উজ্জীবিত।