সরকারি দপ্তরে ছুটির আমেজ
ঈদের ছুটি শেষ হলেও এর রেশ কাটেনি। গতকাল বুধবার প্রথম কর্মদিবসে অফিসগুলোতে ছিল ছুটির আমেজ। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম।
সরকারি অফিসগুলোতে কাগজপত্রে ঈদের ছুটি শুরু হয় গত রোববার থেকে। তবে এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন অনেকে। কিন্তু পাঁচ দিনের লম্বা ছুটির পরও স্বাভাবিক হয়নি ঢাকার অফিসপাড়া। কারণ হিসেবে কর্মকর্তারা বলেছেন, যাঁরা ঈদের পরের দুই দিন ছুটি নিতে পেরেছেন, শুক্র ও শনিবার যুক্ত হয়ে তাঁদের ছুটি শেষ পর্যন্ত নয় দিন হয়েছে এবং তাঁরা আগামী রোববার কর্মস্থলে যোগ দেবেন।
গতকাল প্রথম কর্মদিবসে সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, এখনো সবাই ফিরে আসেননি। যাঁরা এসেছেন, তাঁরাও ছিলেন ছুটির মেজাজে। ঈদের পোশাকে সেজে কোলাকুলি ও কুশল বিনিময়ে অনেকটা অলস সময় কেটেছে কর্মকর্তা-কর্মচারীদের। গতকালই বাজেট অধিবেশন শুরু হয়ে যাওয়ায় মন্ত্রী, সাংসদদের ঢাকায় ফিরতে হয়েছে।
এর মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
সরকারি-বেসরকারি ব্যাংকগুলো খুলেছে। একটি বেসরকারি ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক মো. ইমরানুল হক প্রথম আলোকে বলেন, সকাল থেকেই লেনদেন শুরু হয়েছে। তাঁদের শাখায় প্রায় সব কর্মীই ছুটি কাটিয়ে কাজে ফিরে এসেছেন। তিনি বলেন, ‘জুনে ব্যাংক ক্লোজিং। তাই সবাইকেই আসতে হয়েছে।’