সরকারি দপ্তরের ফোন নম্বর পরিবর্তন, প্রচার নেই
হবিগঞ্জ জেলা সদরের থানা, হাসপাতাল, দমকল, গ্যাস, বিদ্যুৎ কার্যালয়সহ সরকারি প্রতিষ্ঠানের বিটিসিএলের ফোন নম্বর পরিবর্তন হয়েছে আজ থেকে প্রায় এক বছর আগে। এ বিষয়ে দমকল বাহিনী ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের প্রচারণা নেই। এ কারণে পুরোনো নম্বরে ফোন করে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর মডেল থানার ফোন নম্বর ৫২২২৩, হবিগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের নম্বর ৫২২৯১, হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ৫২২২২, বিদ্যুৎ বিভাগের অভিযোগ শাখার ৫২২২৫, জালালাবাদ গ্যাস জরুরি শাখার ৫২৫৭৪, জেলা প্রশাসকের কার্যালয়ের ফোন নম্বর ৫৩২২২ (বাসা ৫২৩৩৩) এবং পুলিশ সুপারের কার্যালয়ের ৫৩১০১ ও ৫৩১০৩ (বাসা ৫৩১০২)। হবিগঞ্জ টেলিফোন অফিসের কারিগরি সমস্যার কারণে ওপরের পাঁচ দিয়ে শুরু হওয়া নম্বরের এক হাজার ২০০ লাইনের এক্সচেঞ্জে ত্রুটি দেখা দেয়। এ কারণে প্রায় এক বছর আগে থানা, হাসপাতালসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ১১৪টি নম্বর পরিবর্তন করে বিটিসিএল।নতুন নম্বর দেওয়া হয় হবিগঞ্জ সদর মডেল থানা ৬২২২০, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ৬২২৪২, হবিগঞ্জ সদর জেলা হাসপাতালের জরুরি বিভাগ ৬২০০৯, সিভিল সার্জন ৬২০০২, হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় ৬১১১১, হবিগঞ্জ গ্যাস কার্যালয় ৬১৯৯৯, জেলা প্রশাসকের কার্যালয় ৬২১০০ (বাসা ৬১৭০০) এবং পুলিশ সুপার ৬২১০১ (বাসা ৬৩১০৫)। এদিকে একমাত্র দমকল বাহিনী (হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) ছাড়া আর কোনো প্রতিষ্ঠান তাদের ফোন নম্বর পরিবর্তনের বিষয়ে কোনো প্রচার-প্রচারণা চালায়নি। এতে জনগণ পুরোনো নম্বরে ফোন করে ভোগান্তিতে পড়ছে।হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা মঈন উদ্দিন একটি সমস্যায় পড়ে আইনি সহায়তার জন্য হবিগঞ্জ সদর মডেল থানার ৫২২২৩ নম্বরে ফোন করেন। একাধারে রিং হয়, কিন্তু কেউ ধরে না।নবীগঞ্জ উপজেলা সদরের ব্যবসায়ী ফারুক মিয়া জানান, সম্প্রতি তাঁদের বাজারে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় তিনি জরুরিভাবে ফোন করেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৫২২২২ নম্বরে। শুধু রিং হয়, কেউ ধরে না। একইভাবে হবিগঞ্জ সদর হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস কার্যালয়ের ল্যান্ড ফোনে যোগাযোগের চেষ্টা করে ভোগান্তিতে পড়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে।হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের উপসহকারী পরিচালক মানিকুজ্জামান জানান, তাঁদের ফোন নম্বর পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তার পরও অনেকে পুরোনো নম্বরে ফোন করেন। সেই নম্বরে রিং হয় টেলিফোন সংস্থার ত্রুটির কারণে। এ বিষয়ে তাঁরা টেলিফোন কার্যালয়কে অবহিত করেছেন।যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, তাঁদের বর্তমান ফোন নম্বর ৬২২২০। এ বিষয়ে জনগণকে অবহিত করা হয়নি কেন জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টি টেলিফোন বিভাগের দায়িত্ব, আমাদের নয়।’জনগণকে নতুন নম্বরের বিষয়ে কেন অবহিত করা হয়নি বা প্রচারণা নেই—এ বিষয়ে হবিগঞ্জ হাসপাতাল, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কার্যালয়ে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তারা কেউ এর কোনো সদুত্তর দিতে পারেননি। বিটিসিএলের হবিগঞ্জের উপসহকারী প্রকৌশলী নীরঞ্জন চন্দ্র নাথ জানান, ‘সরকারি সংস্থার জরুরি ফোন নম্বরগুলো থেকে জনগণ যেন ভালো সেবা পায়, সে কারণে আগের ৫ দিয়ে শুরু নম্বর পরির্বতন করে আধুনিক ৬ দিয়ে শুরু নম্বর দেওয়া হয়েছে আজ থেকে প্রায় এক বছর আগে। নতুন নম্বরের বিষয়ে জনগণকে অবহিতকরণের দায়িত্ব আমাদের নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।’