সরকারি দর কম, আগ্রহ নেই চালকল মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার থেকে সারা দেশে সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তবে কুষ্টিয়ায় এ বিষয়ে কোনো কার্যক্রমই শুরু হয়নি। চাল সরবরাহ করতে এ জেলার মিল মালিকদের সঙ্গে এখনো সরকারের চুক্তি হয়নি।
চালকল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে বর্তমানে মোটা চালের দাম ৩৮-৪০ টাকা। আর সরকার দর নির্ধারণ করেছে ৩৪ টাকা। ৪-৬ টাকা লোকসানে এ মৌসুমে চাল দেওয়া সম্ভব হবে না।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার খাজানগরের মিল মালিক আবদুর রশিদ মঙ্গলবার বলেন, ‘ঢাকা যাব। মন্ত্রীর সঙ্গে চালের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। দাবি থাকবে অন্তত ৩৬-৩৭ টাকা কেজি দরে যেন কেনা হয়। না হলে মিল মালিকদের পথে বসতে হবে।’
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, এ বছর জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৪৬৪ মেট্রিক টন। খাদ্য অফিসের তালিকাভুক্ত মিলারের সংখ্যা ৩৭০ জন। সরকারিভাবে চালের দাম ধরা হয়েছে কেজিপ্রতি ৩৪ টাকা। ২ মে থেকে জেলায় বোরো সংগ্রহ অভিযান শুরুর কথা। কিন্তু এখনো কোনো মিল মালিক চাল দেওয়ার জন্য চুক্তি করেননি।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খাদ্য কর্মকর্তা (কারিগরি) শাহ নেওয়াজ বলেন, আগামী রোববার জেলা খাদ্য সংগ্রহ অভিযান কমিটির সভা হবে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত হবে। ২০ মের মধ্যে মিল মালিকেরা চুক্তি করতে পারবেন।
দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে তিন শতাধিক মিল রয়েছে। সেখানে অটো রাইস মিলের সংখ্যা ৩১। তবে সরকারের চাল সংগ্রহ অভিযানের খবরে স্বস্তি নেই মিল মালিকদের মাঝে। গত বছরও কষ্ট করে লাভ ছাড়ায় বোরো মৌসুমে চাল সরবরাহ করেন মিলাররা। এ বছর বাজার থেকে সরকারের দামে ফারাক অনেক বেশি। এ অবস্থায় চাল সরবরাহ নিয়ে শঙ্কায় পড়েছেন মিল মালিকেরা।
খাজানগর এলাকার ফোর স্টার রাইস মিলের মালিক মফিজুল ইসলাম বলেন, দেশে মোটা চালের ধান যেসব জেলায় উৎপাদন হয় তা পানির নিচে। বাজারে ধানের সংকট। ৪-৬ টাকা লোকসানে কোনো মিল মালিক চাল দিতে পারবেন না।
জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান বলেন, আশা করা যাচ্ছে ২০-২৫ দিনের মধ্যে ধানের বাজার সহনীয় হয়ে যাবে। তখন মিলাররা চাল দিতে পারবেন। ২০ মের পর বলা যাবে কী ঘটতে যাচ্ছে।