সরকারি দরে মেলেনি চামড়া
এবারের পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেওয়া পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৫ লাখ। আড়তদারদের হিসাবে, এ পর্যন্ত (কোরবানির দিন থেকে গতকাল সোমবার) চামড়া সংগ্রহ হয়েছে প্রায় ৩ লাখ। ঘাটতির পাশাপাশি সরকার-নির্ধারিত দরের চেয়ে বেশি দামে চামড়া কিনতে হয়েছে বলে দাবি করেছেন আড়তদারেরা।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সহসভাপতি আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর মূল কারণ, মৌসুমি ব্যবসায়ীরা বেশি দামে চামড়া কিনেছেন। ফলে কাঙ্ক্ষিত দর না পেয়ে অনেকে বিভিন্ন স্থানে লবণ দিয়ে তা রেখে দিয়েছেন। তবে সেখান থেকে সপ্তাহ খানেক পর আরও কিছু চামড়া আড়তে আসবে বলে আশা করছি।’
চট্টগ্রাম নগরে কাঁচা চামড়া সংরক্ষণ করা হয় আতুরার ডিপো এলাকার আড়তগুলোতে। সেখানে কাঁচা চামড়ার আড়ত রয়েছে প্রায় ৩০০টি। এসব আড়তেও প্রায় ৮০ শতাংশ চামড়া সংগ্রহ হয় ঈদুল আজহায়।
আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংগ্রহ করা ৩ লাখ চামড়ার মধ্যে গরুর প্রায় আড়াই লাখ, বাকিগুলো মহিষ ও ছাগলের। প্রতি বর্গফুট চামড়া কিনতে হয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়। অথচ কোরবানির আগে বাণিজ্য মন্ত্রণালয় গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকায় নির্ধারণ করে দেয়।
সরকারি দরে চামড়া কিনতে না পারার দুটি কারণ দুটি চিহ্নিত করেন আড়তদারেরা—চামড়ার ঘাটতি ও মৌসুমি ব্যবসায়ীদের অনভিজ্ঞতা। তাঁদের অনভিজ্ঞতায় প্রতিবার বেশি দামে চামড়া সংগ্রহ করতে হয় বলে আড়তদারদের দাবি। এখন এর সঙ্গে যোগ হবে প্রক্রিয়াজাতকরণ খরচ। ফলে সে অনুযায়ী ট্যানারি মালিকদের কাছ থেকে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তাঁরা।
আড়তদারেরা জানান, প্রতিটি চামড়া আড়তদারেরা ৬০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় কিনেছেন। এরপর প্রতি চামড়ায় গড়ে প্রায় ২৫০ টাকার সংরক্ষণ খরচ পড়ছে।
চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. সেকান্দর বলেন, সব মিলিয়ে ফুটপ্রতি চামড়া ৫৫ থেকে ৬০ টাকা পড়বে। ট্যানারির মালিকেরা ওই দাম দেবেন কি না শঙ্কায় রয়েছেন তিনি।
কোরবানির দিন (শনিবার) সরেজমিনে দেখা গেছে, পশু কোরবানির পর দুপুর থেকে নগরের আগ্রাবাদের চৌমুহনী মোড়ে মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে চামড়া আনতে শুরু করেন। সেখানে খুচরা সংগ্রহকারীদের কাছ থেকে এসব চামড়া কিনছেন ব্যবসায়ীরা। কেউ কেউ কেনা চামড়া মিনি ট্রাক ও পিকআপে বোঝাই করছেন।
একই দিন বিকেলে নগরের আতুরার ডিপো গিয়ে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আসা চামড়ায় ভর্তি হয়ে গেছে চারপাশ। আড়তে চামড়া বিক্রেতাদের ভিড়। আড়তের কর্মীরা চামড়া সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতকরণের প্রস্তুতি নিচ্ছেন।
আড়তদারদের দাবি, জেলার বিভিন্ন স্থানে চামড়ায় লবণ দিয়ে অনেকে সংরক্ষণ করে রেখেছেন। চট্টগ্রামে কোরবানি দেওয়া সব পশুর চামড়া আসেনি।
আগামী সপ্তাহের মধ্যে বিভিন্ন স্থান থেকে লবণ দেওয়া আরও কিছু চামড়া আসবে বলে মনে করছেন আড়তদারেরা। এসব চামড়া সংরক্ষণ করে ট্যানারি ব্যবসায়ীদের জন্য অপেক্ষা করবে। ১০-১৫ দিন পর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকা থেকে এসে এসব চামড়া নিয়ে যাবেন। চট্টগ্রামের দুটি ট্যানারি থাকলেও পরিবেশগত ছাড়পত্র না থাকায় এগুলো এখন বন্ধ রয়েছে।