সরকারি দল করেন, তাই
‘আমরা তিনজনই সরকারি দল করি। সরকারি সম্পত্তিতেই দোকানঘর নির্মাণের কাজ করছি। আমরা তো ব্যক্তিমালিকানা সম্পত্তিতে যাইনি। এতে কারও আপত্তি থাকার কথা নয়।’
সরকারি সম্পত্তিতে দোকানঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিন দখলদারের মধ্যে হেলালউদ্দিন ওরফে হেলু এভাবেই কথাগুলো বলেন। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। হেলালউদ্দিন ছাড়াও একই গ্রামের শহিদুল ইসলাম ও শাহজাহান আলী মোহনপুর খালের সেতুর দক্ষিণ পাশে থাকা সরকারি সম্পত্তিতে এই দোকানঘর নির্মাণ করছেন।
এলাকাবাসী জানান, গত ৩১ মার্চ ওই স্থানে দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়। এর দুদিন পর তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী ও তিলকপুর ভূমি কার্যালয়ের তহশিলদার আবদুর রহমান সেখানে যান। তাঁরা দুজনই সেখানে গিয়ে দায়সারা গোছের কথা বলে ফিরে আসেন। এরপর ৩ এপ্রিল থেকে সেখানে দোকানঘর নির্মাণের জন্য আরসিসি পিলার তোলার কাজ শুরু হয়।
তিলকপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার আবদুর রহমান বলেন, ‘জায়গাটি খাস খতিয়ানভুক্ত। সেতুর মুখে দোকানঘর নির্মিত হলে মোহনপুর খালের পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হবে।’
তিলকপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তিনি সেখানে গিয়ে দোকানঘর নির্মাণকাজে বাধা দিয়েছিলেন। এরপর সেখানে আবারও কাজ শুরু হয়েছে। ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বুধবার প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাটি আগে জানতেন না। মঙ্গলবার তাঁকে ঘটনাটি জানানো হয়েছে। এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।