কথিত বন্দুকযুদ্ধে হত্যার ঘটনাগুলো বিচারবহির্ভূত এবং প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ ২০০৪ সাল থেকে অব্যাহতভাবে এমন মত প্রকাশ করে আসছে। এখন ক্ষমতাসীন দল ও জোটের মধ্যেও এমন মত জোরদার হচ্ছে।
দেশে-বিদেশে সমালোচনার মুখে সাময়িক বিরতি দিয়ে এ ধরনের ঘটনা সারা বছরেই ঘটে থাকে। এত দিন সন্ত্রাসী বা বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ‘বন্দুকযুদ্ধে’র শিকার হতেন। ফলে সরকার বা সরকারি দল এ নিয়ে প্রকাশ্য প্রতিক্রিয়া দেখাত না; বরং তাদের অবস্থান ছিল ‘বন্দুকযুদ্ধে’র পক্ষেই। চলতি আগস্ট মাসে সরকারি দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চারজন স্থানীয় নেতা কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় পর এখন নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে। সরকারি দলের অন্তত দুজন সাংসদ প্রকাশ্যেই ‘বন্দুকযুদ্ধে’র বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছেন, এটা মানা যায় না।
এ প্রসঙ্গে জানতে চাইলে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, সরকারি দলের নেতারা বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়ার পর মনে হচ্ছে, সবাই এখন ক্রসফায়ারের বানানো গল্পের অবসান চায়। তাঁর মতে, গত কিছুদিনে সরকারি দলের নেতা-কর্মীদের যে প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে, তাতে মনে হয়, এত বড় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তাঁদের মধ্যে শুভবুদ্ধির উদয় অথবা বোধোদয় হয়েছে।
অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পক্ষে যুক্তি দিচ্ছে এবং একের পর এক এ ধরনের ঘটনা ঘটেই চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত বুধবার বলেছেন, ‘কয়েকটা বন্দুকযুদ্ধ হয়েছে। সেই বন্দুকযুদ্ধে কয়েকজন মারা গেছে। আমরা কোনো সন্ত্রাসীকে ছাড় দেব না।’ আগের দিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘সরকার কঠোর অবস্থান নিয়েছে। অ্যাকশন শুরু হয়ে গেছে।’ তবে পরে ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, কোনো একটি সুনির্দিষ্ট ঘটনায় নয়, তিনি সার্বিকভাবে এ বক্তব্য দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে বাড্ডায় ঝুট ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা খুন, জাতীয় শোক দিবসের দিন কুষ্টিয়ায় যুবলীগের এক নেতা হত্যা, চাঁদপুরের কচুয়ায় চাঁদার দাবিতে স্কুলের শিক্ষক ও ছাত্রীদের ওপর যুবলীগের হামলা, হাজারীবাগে এক কিশোরকে পিটিয়ে হত্যা, মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। সর্বশেষ গতকালও গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগের এক অনুষ্ঠানের পাশেই কুপিয়ে হত্যা করা হয়েছে উপজেলা যুবলীগের সাবেক সভাপতিকে।
এ পরিস্থিতিতে সরকারের কঠোর অবস্থানকে দলের একটি অংশ সমর্থন করলেও মাঠপর্যায়ে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের একটি অংশের বক্তব্য হচ্ছে, বন্দুকযুদ্ধের মাধ্যমে হত্যা নয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক শৃঙ্খলা স্থাপনের মাধ্যমে নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে র্যাব ধরে নিয়ে গেছে বলে দাবি করছে তাঁর পরিবার। গতকাল তাঁর স্ত্রী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন, সাজ্জাদ প্রকৃত দোষী হলে তাঁকে যেন আদালতে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা হয়।
আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক পদক্ষেপের মাধ্যমে সরকার দলীয় নেতা-কর্মীদের যে বার্তা দিয়েছে, তা নিয়ে মাঠে নেতা-কর্মীদের মধ্যে স্বস্তির চেয়ে শঙ্কাই বেশি লক্ষ করা যাচ্ছে। তাঁর মতে, বিরোধী দল অনেকটা নিষ্ক্রিয় থাকায় আর্থিক ও স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে মাঠে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই। তাই অনেক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ নিতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, বিএনপি ক্রসফায়ারের মাধ্যমে সন্ত্রাসের যে সমাধান খুঁজেছিল, তা এখনো চলছে। তাঁর মতে, আইনি প্রক্রিয়ায় ও রাজনৈতিকভাবে এর সমাধান করতে হবে। আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই সভাপতি গতকাল বলেন, সুশাসন ও আইনের শাসন সুদৃঢ় হলে, গণতান্ত্রিক দায়িত্ববোধ সবার মধ্যে জাগ্রত হলে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেলে এ ধরনের হত্যাকাণ্ড কমে আসবে।
সাংসদ শেখ ফজলে নূর তাপস বন্দুকযুদ্ধের বিষয়টিকে তথাকথিত গৎবাঁধা গল্প বলে উল্লেখ করে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন এই সাংসদ।
মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা আগে থেকেই ক্রসফায়ারের ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আসছেন। এ ধরনের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত কি না, সে বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল যোগাযোগ করা হলে আনিসুল হক প্রথম আলোকে বলেন, এ ধরনের মৃত্যু নিয়ে কেউ যদি আপত্তি তোলে বা মামলা করে, তাহলে শুরুতেই আইনের ধারা অনুযায়ী বিচারিক হাকিম ‘জুডিশিয়াল ইনকোয়ারি’ করাতে পারেন। পুলিশও সেই তদন্ত করতে পারে। আদালত পুলিশকে সে দায়িত্ব দিতে পারেন।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি এ রকম ঘটনার আউট অব ল-বুক ইনকোয়ারির পক্ষে না। কারণ, আইনের বইয়ে আছে, কীভাবে ইনভেস্টিগেশন হয়, কীভাবে ইনকোয়ারি করতে হয়।’
‘ক্রসফায়ার’ বাড়ছে: দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), অধিকার, বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ কয়েকটি মানবাধিকার সংগঠন। এসব সংগঠনের তথ্য ও পরিসংখ্যান বলছে, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুলিবিনিময় ও এনকাউন্টারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ক্রমাগত বাড়ছে।
আসকের হিসাব হচ্ছে, ২০১৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ ও গুলিবিনিময়ে নিহত হন ১২৮ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭২। এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ক্রসফায়ারে নিহতের সংখ্যা ৮৭। তবে সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি মাসে এ পর্যন্ত আরও অন্তত ১২ জনের নাম যুক্ত হয়েছে এই তালিকায়।
আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের মতে, ক্রসফায়ারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যে তদন্ত হয়, তার বিশ্বাসযোগ্যতা নেই। তিনি প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় অথবা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, নিরপেক্ষতার স্বার্থে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনকে সম্পৃক্ত করতে হবে।
তবে পুলিশ সদর দপ্তরের এক বক্তব্যে ২ আগস্ট বলা হয়, ২০১৪ সালে কর্তব্যরত অবস্থায় মারা গেছেন ১০২ জন পুলিশ সদস্য। যাঁরা পুলিশের বা সাধারণ মানুষের প্রাণ হরণ করবে, তাদের প্রতিহত করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে আত্মরক্ষার অধিকার স্বীকৃত রয়েছে বাংলাদেশের আইনে। মানবাধিকার সংগঠন অধিকার ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে পুলিশ সদর দপ্তর এই বক্তব্য দেয়। এতে আরও বলা হয়, ‘আত্মরক্ষার অধিকার প্রয়োগে পুলিশের ভূমিকা আইনানুগ কি বেআইনি, সেটা বলার এখতিয়ার রয়েছে ম্যাজিস্ট্রেট বা আদালতের।’
অবশ্য আইনমন্ত্রী মনে করেন, এ ধরনের আলোচিত ঘটনায় তদন্ত করা অধিকতর ভালো। তদন্ত হলে দুই পক্ষের লাভ হয়। কেউ অন্যায় করলে তাদের শাস্তি দেওয়া যায়। আর যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর নামে অভিযোগ উঠলে তারাও নিজেদের পরিচ্ছন্ন ভাবমূর্তি দেখাতে পারবে।
রাজনৈতিক প্রতিক্রিয়া: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনে করছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিচারবহির্ভূত হত্যা কোনো সমাধান নয়। এতে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে, যা কারও জন্য মঙ্গলজনক নয়।
গত বৃহস্পতিবার চট্টগ্রামে ‘আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, বিনা বিচারে কাউকে মারা অন্যায়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল এক যৌথ বিবৃতিতে বলেছে, যত বড় সন্ত্রাসীই হোক, তার পরিণতি কোনোভাবেই বিনা বিচারে খুন হতে পারে না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের মতে, ‘ক্রসফায়ারের গল্প শুরু হওয়ার পর থেকেই আমরা বলে আসছি, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে রাষ্ট্র সন্ত্রাসের মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করতে পারবে না। যদি তাই হতো, তাহলে গত প্রায় এক যুগে দেড় হাজারের বেশি মানুষ হত্যার পর দেশে সন্ত্রাসী থাকে কীভাবে?’
আরও পড়ুন: