জাতীয় শোক দিবস সামনে রেখে সরকারি দল সাধারণ মানুষের কাছ থেকে ‘চাঁদাবাজি’ করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার রাতে বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আবদুল খালেকের নেতৃত্বে বেশ কয়েকজনের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।খালেদা জিয়া বলেন, ‘শোক পালনে নিজেদের অর্থ খরচ না করে তারা (ক্ষমতাসীন দল) সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে। সরকারি দলের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে।’ রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে আরও যোগ দেন বরগুনার অধিবাসী রুস্তম আহমেদ, যুব সংহতির সাবেক জেলা সভাপতি আবু হেনা মোস্তফা টিটো, স্থানীয় নেতা মকবুল আহমেদ মৃধা প্রমুখ।নবাগতদের অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, দেশের অবস্থা ভালো নয়। সংকটের মধ্যে দেশের মানুষ জীবনযাপন করছে। আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতিতে মানুষ দিশেহারা। এ অবস্থা থেকে উত্তরণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।ভারতের সঙ্গে সম্পাদিত ঋণচুক্তির সমালোচনা করেন খালেদা জিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান।