সরকারি দলের কর্মীরা প্রচারকাজে বাধা দিচ্ছেন: সাকি

সরকারি দলের কর্মীরা অন্য দলের প্রার্থীদের প্রচারকাজে বাধা দিচ্ছেন অভিযোগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, এটা সরকারের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারকালে তিনি এ অভিযোগ করেন।
জোনায়েদ সাকির পক্ষে ভোট চেয়েছেন ব্যান্ডসংগীতশিল্পী মাকসুদ। গতকাল তিনি সাকির পক্ষে মহাখালী-বনানী এলাকার কড়াইল বস্তিতে জনসংযোগ করেন। সাকির সঙ্গে আরও জনসংযোগ করেন সংগীতশিল্পী অরুপ রাহী, অমল আকাশ ও চলচ্চিত্র নির্মাতা জাঈদ আজিজ।
কড়াইল বস্তিতে পথসভায় সাকি বলেন, ভীতি আর আতঙ্কের রাজত্ব সৃষ্টি করে নির্বাচনের পরিবেশকে সরকার ইচ্ছাকৃতভাবে বিঘ্নিত করে চলেছে। প্রতিদিনই বিরোধী প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, টেলিস্কোপের অধিকাংশ পোস্টার তারা ছিঁড়ে ফেলেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চলছে প্রতিদিন। তিনি বলেন, কিন্তু কাউকে প্রচারণায় বাধা দেওয়া কিংবা হামলায় উৎসাহ দেওয়া সরকারের ফ্যাসিস্ট চরিত্রেরই বহিঃপ্রকাশ।