সরকারি দলের নেতা কর্মী ও পুলিশ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের নেতা-কর্মীরা ও পুলিশ মিলে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।বিবৃতিতে শফিকুর রহমান বলেন, রাজপথে থাকার নামে আওয়ামী লীগ সারা দেশে ‘নৈরাজ্য’ সৃষ্টি করছে। তিনি দাবি করেন, গত বৃহস্পতিবার পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী নেতা-কর্মীরা জয়পুরহাট ও খুলনায় জামায়াতের কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। জামায়াতের এই নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের ‘উসকানিমূলক’ বক্তব্যের কারণে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন এবং জামায়াত-শিবিরের ওপর হামলা চালাচ্ছেন। তিনি ‘আজগুবি অপপ্রচারের মাধ্যমে তথ্যসন্ত্রাস’ বন্ধ করে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।