সরকারি দলের সমর্থন থাকায় বাড়তি কাজে বাড়তি সুবিধা পাব: আনিসুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার আরও সাড়ে তিন বছর ক্ষমতায় আছে। তাই সরকারদলীয় প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হলে কিছুটা বাড়তি সুবিধা পাবেন বলে মন্তব্য করেছেন আনিসুল হক। আওয়ামী লীগ-সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই মেয়র প্রার্থী তাঁর নির্বাচনে প্রচারবিষয়ক সংগঠন আমরা ঢাকা আয়োজিত এক জনমত জরিপ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন।
গতকাল সোমবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ঢাকা উত্তরের নাগরিকদের ওপর পরিচালিত ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক একটি জরিপ ও সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়। মূলত এই জরিপের ওপর ভিত্তি করেই রচিত হয়, আনিসুল হকের নির্বাচনী স্লোগান ‘সমস্যা চিহ্নিত: এবার সমাধানযাত্রা’ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।
জরিপের ফল অনুযায়ী সর্বোচ্চ ৬৮.৩০ শতাংশ মানুষ জানিয়েছে মশা নাগরিক জীবনের প্রধান সমস্যা। এ ছাড়া ৪৩.৯৯ শতাংশ মানুষ বেহাল রাস্তাঘাট, ৩৭.৫২ শতাংশ বেশি বাড়িভাড়া, ৩০.০০ শতাংশ মানুষ ড্রেন বা ম্যানহোলের অভাবকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।
জরিপ পরিচালনাকারী সংস্থা ইন্টিগ্রেটেড রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড (আইআরসি) প্রধান অধ্যাপক আবুল কাশেম জানান, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে জরিপটি চালানো হয়েছিল। জরিপের উদ্দেশ্য ছিল, উত্তর সিটি করপোরেশনের নাগরিকদের জীবন ও পরিষেবার সংকট-সমস্যা এবং মেয়রের কাছে প্রত্যাশা জানার চেষ্টা করা।
জরিপকারীরা জানান, জরিপে অংশ নেন ৭৬ হাজার ৭৩৫ জন নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ। ২৪৭ জন তথ্য সংগ্রাহক মোট ১৮টি বিষয় নিয়ে নাগরিকদের সঙ্গে কথা বলেছেন।
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘ঢাকার এই সমস্যাগুলো চিহ্নিত হয়েছে। এবার আমি মেয়র নির্বাচিত হলে এর সমাধানের জন্য কাজ করব।’
নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম জরিপ অনুষ্ঠানে আনিসুল হকের মতো একজন প্রার্থীকে আওয়ামী লীগ সমর্থন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এই নির্বাচন পেট্রলবোমা হামলা বন্ধ করেছে। নির্বাচনের পরেও যাতে পেট্রলবোমা বন্ধ থাকে, সে জন্য ভোটারদের সোচ্চার হতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) নগরবিষয়ক বিভাগের প্রধান স্থপতি ইকবাল হাবিব ঢাকা শহরের সমস্যা চিহ্নিত করতে আনিসুল হকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমরা এমন মেয়র-ই চাই, যিনি রাজধানীর এসব সমস্যার সমাধান করবেন।’
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আনিসুল হকের স্ত্রী রুবানা হক।