সরকারি দলের সাংসদের দুর্নীতির সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সাত সাংসদের অতিরিক্ত সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের ক্ষেত্রে একজনের বিরুদ্ধে দুর্নীতি-সংক্রান্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ তথ্য জানান। তবে অনুসন্ধানের স্বার্থে ওই সাংসদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি।
মহাজোটের সাবেক ও বর্তমান যে সাত মন্ত্রী-সাংসদের দুর্নীতির অনুসন্ধান চলছে—সে সম্পর্কে জানতে চাইলে দুদকের সচিব বলেন, ‘আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এর মধ্যেই একজনের দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’
ফয়জুর রহমান চৌধুরী জানান, সাবেক ও বর্তমান মন্ত্রী-সাংসদদের দুর্নীতি অনুসন্ধানে ভিন্ন শাখা গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে। এতে সাংসদদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া যাবে বলে মনে করছে দুদক কর্তৃপক্ষ।
রানা প্লাজার মালিক সোহেল রানার দুর্নীতির অনুসন্ধান প্রসঙ্গে জানতে চাইলে দুদকের সচিব বলেন, দ্রুত এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা তার প্রতিবেদন জমা দেবেন।
সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারি মাসে দুদকের নিয়মিত কার্যক্রম জানানো হয়। এ মাসে মোট ২১টি মামলায় ২৮ জন সরকারি চাকরিজীবী, তিনজন ব্যবসায়ী, একজন রাজনীতিবিদ রয়েছেন। আর ৪৮টি অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক কর্তৃপক্ষ।
এ ছাড়া ২৬ মার্চ থেকে সাত দিনব্যাপী ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’, কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী এবং ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য। চতুর্থবারের মতো আয়োজিত এ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’। সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হবে দুদকের এই সাত দিনব্যাপী কর্মসূচি।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক সামসুল আরেফিন।

খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রীকে দুদকের নোটিশ
আগামী আট এপ্রিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আক্তার হোসেনকে মানিলন্ডারিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার বিকেলে নোটিশ পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের লয়েডস টিএসবি অফশোর প্রাইভেট ব্যাংকিংয়ে স্বামীর সঙ্গে যৌথ নামে ‘ফিক্সড টার্ম ডিপোজিট’ নামের হিসাবে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড জমা করেন তিনি। ১১৮ দশমিক ৬৩ টাকা হারে ওই জমা করা ব্রিটিশ পাউন্ডের বাংলাদেশি মূল্য নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা। ইতিমধ্যে এই অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে খন্দকার মোশাররফ হোসেনকে।
এ ছাড়া সরকার গ্যাস বন্ধ করে দেওয়ার পর ঘুষ নিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে অবৈধ সম্পদ গড়ার অভিযোগে তিতাসের এমডি নওশাদ ইসলামসহ আট কর্মকর্তাকে ৬ ও ৭ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে।