সরকারি দামে মেলে না এলপি গ্যাস, গ্রাহক ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস বিপণনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপি গ্যাস) বরিশালে সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না। ব্যাপক চাহিদা থাকায় অসাধু ডিলাররা সরকারের কাছ থেকে কম দামে গ্যাস কিনে চড়া দামে বিক্রি করছেন। এক সিলিন্ডার গ্যাস ৬৭৮ টাকায় কিনে ৭৫০ টাকায় বিক্রি করার কথা থাকলেও ডিলাররা গ্রাহকদের কাছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি করছেন। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের নজরদারি না থাকায় গ্রাহকেরা সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস কিনতে পারছেন না। ডিপো ব্যবস্থাপক ও বিপণন ব্যবস্থাপকদের দাবি, সরবরাহ কম থাকায় ডিলাররা কারসাজি করে বেশি দামে বিক্রি করছেন। পদ্মা, মেঘনা ও যমুনা সূত্র জানায়, এই তিনটি কোম্পানির মাধ্যমে বরিশাল বিভাগের ছয়টি জেলায় গড়ে প্রতি মাসে মোট প্রায় সাড়ে তিন হাজার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। এর মধ্যে যমুনা এক হাজার ২০০ থেকে দেড় হাজার, পদ্মা ৮০০ থেকে এক হাজার ২০০ এবং মেঘনা এক হাজার ২০০ থেকে দেড় হাজার সিলিন্ডার গ্যাস সরবরাহ করে। এক সিলিন্ডার গ্যাস ডিলারদের ৬৭৮ টাকায় কিনে ৭৫০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু বরিশালের কোনো ডিলারই ওই দামে গ্যাস বিক্রি করছেন না।বরিশাল বিভাগে সরবরাহ করা সরকারি গ্যাসের মধ্য থেকে ২০০ সিলিন্ডার গ্যাস সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বরাদ্দ। বাকি গ্যাস ৫৩ জন ডিলারের মধ্যে বিতরণ করা হয়। গড়ে একেকজন ডিলার প্রায় ৬০টি করে সিলিন্ডার পান। সরকারি গ্যাস আসেনি এমন কথা বলে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিলাররা এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা দরে একেকটি সিলিন্ডার বিক্রি করেন। এলপি গ্যাস ব্যবহারকারী মো. রোকনুজ্জামান অভিযোগ করেন, ‘আমরা সরকারি গ্যাস কোনো সময়ই পাই না। সরকার গ্যাসে ভর্তুকি দিলেও গ্রাহকেরা সে সুবিধা পায় না। তাদের বেশি দামেই গ্যাস কিনতে হচ্ছে।’ যমুনার সিলিন্ডার ব্যবহারকারী শারমিন আক্তার বলেন, ‘যমুনার গ্যাস এক হাজার ৩০০ টাকা করেই কিনতে হচ্ছে।’ যমুনা অয়েল কোম্পানির ডিলার চৌমাথা এলাকার তাকওয়া এন্টারপ্রাইজের মো. বেলাল হোসেন বলেন, ‘সরকারি ও বেসরকারি সব গ্যাসের দামই এক। এখানে আমাদের কিছু করার নেই। আমরা যে দামে গ্যাস কিনি তার চেয়ে ৫০ টাকা বেশি দামে বিক্রি করি।’ ক্লিনহিট গ্যাসের পরিবেশক শিতলাখোলা এলাকার বরকত ট্রেডার্সের মালিক মহিউদ্দিন খান বলেন, সরকারি গ্যাসের সরবরাহ কম, যা আসে তাও নিয়ে যায় সরকারি লোকজন। এ কারণে বেসরকারি গ্যাসের দাম বাড়ছে।যমুনা অয়েল কোম্পানির বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, বরিশালে চাহিদার তুলনায় এলপি গ্যাস সরবরাহ অনেক কম। তাই অনেক ডিলার বেসরকারি গ্যাসের সঙ্গে অবৈধভাবে বেশি দামে সরকারি গ্যাস বিক্রি করছেন। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির বরিশালের আঞ্চলিক বিপণন কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ‘আমাদের সরাসরি তদারকের সুযোগ নেই। সরকারি ও বেসরকারি সিলিন্ডারের মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই। এই সুযোগ কাজে লাগান অনেক ডিলার।’ পদ্মা অয়েল কোম্পানির বরিশালের আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক গোলাম রসুল বলেন, ‘আমরা তদারক করি। ডিলাররা তাঁদের খাতায় সরকারি দামে বিক্রি করেছেন এমনভাবে লিখে রাখেন। আমাদের অবর্তমানে কারসাজি করে থাকলে আমরা কী করব?’