সরকারি দামের চেয়ে বাজারে চালের মূল্য টনপ্রতি ১২ হাজার টাকা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবিখার কাজ করলে প্রতিজন শ্রমিককে দৈনিক আট কেজি চাল দেওয়ার নিয়ম। এই আট কেজি চালের সরকার-নির্ধারিত মূল্য ২৭২ টাকা। অথচ বাজারে এ চালের মূল্য এখন ১৭৬ টাকা। এ জন্য শ্রমিকেরা এ প্রকল্পে কাজ করতে আগ্রহী নন। এতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।সরকার প্রতি টন চালের মূল্য নির্ধারণ করে ৩৪ হাজার ১৯৫ টাকা। এ টাকার হিসাবে কাবিখা ও টিআর প্রকল্পের কাজ করাতে হয় প্রকল্পের চেয়ারম্যানদের। অথচ বাজারে এখন প্রতি টন মোটা চালের মূল্য ২২ হাজার টাকা। সরকারি মূল্যের চেয়ে বাজারমূল্যে অসামঞ্জস্য থাকায় প্রকল্প চেয়ারম্যানদের যেনতেনভাবে কাজ শেষ করতে হয়।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, এ বছর কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ২৭৫ মেট্রিক টন এবং টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের ২৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ আসে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য কাবিখার ৩২টি প্রকল্প ও বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়ন বা সংস্কারের জন্য টিআরের ৮১টি প্রকল্প নেওয়া হয়।কয়েকজন প্রকল্প চেয়ারম্যান জানান, সরকার-নির্ধারিত মূল্যের চেয়েও বাজারে প্রতি টন চালের দাম ১২ থেকে ১৪ হাজার টাকা কম। অথচ প্রকল্পের চেয়ারম্যানদের সরকার-নির্ধারিত মূল্যেই কাজ করাতে হয়। এ কারণে তাঁদের নানাভাবে বেকায়দায় পড়তে হয়। শ্রমিকেরা যথাযথভাবে কাজ করেন না। কোনোমতে রাস্তার ঘাস পরিষ্কার করে হালকা মাটি দিয়ে কাজ সমাপ্ত করা হয়। তা ছাড়া বাজারে চালের দাম কম থাকায় শ্রমিকেরা নির্ধারিত আট কেজি চাল নিয়ে কাজ করছেন না। এতে শ্রমিকসংকট দেখা দেয়।বামনী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহামঞ্চদ বলেন, একজন শ্রমিক ছয় ঘণ্টা কাজ করলে ৩০০ টাকা মজুরি পান। অথচ কাবিখার কাজ করলে ১৭৬ টাকার চাল পান। এ কারণে শ্রমিকেরা কাবিখার কাজ করছেন না। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।তিনি আরও জানান, বাজারে এখন মোটা চালের কেজি বিক্রি হচ্ছে ২২ টাকায়। অনেক সময় গোডাউনের চাল দুর্গন্ধ বা নিম্নমানের হওয়ায় দাম আরও কম থাকে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলাম বলেন, শ্রমিকেরা আট কেজি চাল নিয়ে কাজ করতে চাচ্ছেন না বলে প্রকল্প চেয়ারম্যানরা জানিয়েছেন। রায়পুরের ১১৩টি প্রকল্পের কাজ এখনো শুরু করা যায়নি।