সরকারি ধান ক্রয়ে কোনো অনিয়ম হবে না: কৃষিমন্ত্রী

হাওরে ধান কাটার পরিস্থিতি ভালো এবং এ নিয়ে হাওরের মানুষ খুশি আছেন বলে মনে করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ক্রয়ে কোনো অনিয়ম হবে না, অনিয়মের কোনো সুযোগ নেই। কোনো মধ্যস্বত্বভোগী আসবে না। লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। সরকার এবার আট লাখ মেট্রিক টন ধান কিনবে। অ্যাপসের মাধ্যমে ২২টি জেলা থেকে ধান কেনা হবে।
সুনামগঞ্জের হাওরে নতুন দুটি ধান কাটার যন্ত্র কৃষকদের কাছে হস্তান্তর এবং ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। আজ বুধবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে কৃষকদের কাছে তিনি নতুন দুটি ধান কাটার মেশিন হস্তান্তর করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আব্দুর রাজ্জাক। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং জেলার কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমরা কৃষকদের জন্য নানা উদ্যোগ নিচ্ছি। শুরুতে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। পরে প্রধানমন্ত্রী আরও ১০০ কোটি টাকা দিয়েছেন। এই টাকায় কেনা যন্ত্র এখন বিতরণ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের একটা তালিকা করে দেওয়া হয়েছে। সেই তালিকার ওপরে লটারি হবে। তাতে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। তিনি আশা করছেন, কৃষকেরা ধান বিক্রি করে লাভবান হবেন। এতে বাজারে ধানের দামেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর কাছে সুনামগঞ্জে সরকারিভাবে ধান ক্রয়ের বরাদ্দের পরিমাণ বাড়ানোর দাবি জানান কয়েকজন কৃষক এবং কৃষকদের পক্ষে থাকা লোকজন। জবাবে মন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে ধান বেশি হয়। এখানে হাওর বেশি। আমি সুপারিশটি নিলাম। কাল (বৃহস্পতিবার) আমাদের মিটিং আছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করব।’
পরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে কৃষকদের কাছ থেকে ধান কেনার কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি ও পরিকল্পনামন্ত্রী মান্নান ধান কাটা পর্যবেক্ষণ এবং কৃষকদের উৎসাহ দিতে জেলার তাহিরপুর উপজেলার শনির হাওরে যান।
সুনামগঞ্জের হাওরে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় গড়ে ৫৭ ভাগ ধান কাটা হয়ে গেছে। আবহাওয়া ভালো থাকলে পুরো হাওরের ধান কাটতে আর ১০ দিন লাগবে। জেলায় এবার ২ লাখ ১৯ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ ৩০ হাজার ৯৩৪ মেট্রিক টন। সুনামগঞ্জ থেকে এবার সরকারিভাবে ২৫ হাজার ৮৬৬ মেট্রিক টন ধান কেনার বরাদ্দ এসেছে, যা উৎপাদনের তুলনায় অনেক কম।