সাতকানিয়ায় গত দুই বছরে জনসাধারণের ব্যবহারের জন্য সরকারিভাবে ৭৬টি গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এসব নলকূপের বেশির ভাগই পেয়েছেন সরকারদলীয় নেতা-কর্মীরা। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে সুসম্পর্ক ও আত্মীয়তার কারণেও অনেকে নলকূপ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাতকানিয়া জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজী প্রথম আলোকে বলেন, ‘নলকূপ বরাদ্দের ক্ষেত্রে অনেক অনিয়ম হয়েছে। ১০ জনের কথা বলে একজনের বাড়িতে গভীর নলকূপ বসানো হয়েছে। জনপ্রতিনিধিদের সিদ্ধান্তের বাইরে আমার এককভাবে বেশি কিছু করার নেই। এ বছর আরও ৪০টি নলকূপ পাওয়া গেছে। সেগুলো বরাদ্দের সময় যাতে কোনো অনিয়ম না হয় তা নিশ্চিত করার চেষ্টা করছি।’জানা গেছে, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম ওরফে ফরিদ মাস্টার। পৌরসভার সতিপাড়া এলাকায় তাঁর বাড়ি। ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ করা প্রথম নলকূপটিই বসে তাঁর বাড়িতে। ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘দলীয় লোকজন তো জনগণেরই অংশ। দলীয় পরিচয়ের কারণে আমরা তো আর নাগরিক অধিকার থেকে বঞ্চিত হতে পারি না।’ তিনি বলেন, ‘বাড়ির বাইরে যদি নলকূপ বসাই, তবে সেটি চুরি হয়ে যেতে পারে। এ জন্য বাড়িতেই বসিয়েছি।’ খাগরিয়া ইউনিয়নের পশ্চিম মৈশামুড়া এলাকার বাসিন্দা নূরুল আমিন উপজেলা চেয়ারম্যানের বেয়াই। তিনি পেয়েছেন একটি গভীর নলকূপ। অথচ এ নলকূপটি প্রথমে বরাদ্দ দেওয়া হয়েছিল একই ইউনিয়নের আবদুল গফুরের নামে। আবদুল গফুর বলেন, ‘এলাকার লোকজনের অনুরোধে আমি শ্বশুর আবুল হাশেমের নামে একটি নলকূপের আবেদন করি। ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের সহযোগিতায় সেটির বরাদ্দও পাই। উপজেলা জনস্বাস্থ্য অফিসে সাড়ে চার হাজার টাকা সরকারি ফি জমা দিই। এরপর রাজনৈতিক নেতাদের নামে পাঁচ হাজার এবং অফিস খরচের নামে দুই হাজার টাকা নেওয়া হয়। তার পরও নলকূপটি দেওয়া হয়নি। পরে শুনি, সেটি উপজেলা চেয়ারম্যানের বেয়াই নূরুল আমিনকে দেওয়া হয়েছে। অথচ আমার টাকাগুলোও ফেরত পাইনি।’ খাগরিয়ার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, ‘একটি নলকূপের জন্য গফুর বেশ কয়েকবার আমার কাছে এসেছিলেন। আমি তাঁর আবেদনে সুপারিশ করি। পরে তিনি আমাকে বলেছেন, টাকা জমা দেওয়ার পরও নলকূপটি পাননি।’এভাবে চরতী ইউনিয়নের আবদুল হক চট্টগ্রাম শহরে বসবাস করলেও গ্রামের বাড়িতে একটি গভীর নলকূপ পেয়েছেন। কারণ, তাঁর আত্মীয় মোহাম্মদ মোস্তফা স্থানীয় আওয়ামী লীগের নেতা।সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ প্রথম আলোকে বলেন, ‘চাইলেই যে কাউকে গভীর নলকূপ বরাদ্দ দেওয়া যায় না। ২০টি চাইলে একটি পাওয়া যায়। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এসব বরাদ্দ দেয়। ফলে সব কিছু সব সময় আমার ওপর নির্ভর করে না।’ জানা যায়, নলুয়া ইউনিয়নের মমিন্দ্রপাড়ার শ্যামল কান্তি বিশ্বাস নিজ উঠানে একটি সরকারি নলকূপ বসিয়েছেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। শ্যামল বলেন, ‘সরকারিভাবে সাড়ে চার হাজার টাকা জমা দেওয়ার নিয়ম থাকলেও আমি দিয়েছি ১৫ হাজার টাকা। আট হাজার টাকার পাইপ কিনতে হয়েছে। নলকূপ বসাতে শ্রমিকদের খাওয়াতে হয়েছে, খরচপাতি দিতে হয়েছে দেড় হাজার টাকা।’