রাজশাহী সিটি করপোরেশনের নালা নির্মাণে সরকারি দলের এক নেতা বাধা হয়ে দাঁড়িয়েছেন। ৯৫ শতাংশ কাজ শেষ হওয়ার পর ৮ সেপ্টেম্বর ওই নেতা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।
ওই নেতার দাবি, ইচ্ছা করেই সিটি করপোরেশনের লোকেরা তাঁর জমির ওপর দিয়ে নালা করছেন। এ ব্যাপারে তিনি আদালতে মামলা করেছেন।
তবে সিটি করপোরেশন বলছে, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। নালার কাজ শেষ হলে নগরের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। কাজ বন্ধ থাকায় একটু বৃষ্টি হলেই নগরবাসীকে ভুগতে হচ্ছে।
ওই নেতার নাম রোকনুর শেখ ওরফে খোকন। তিনি কৃষক লীগ করেন। তাঁর দাবি, কমিটি হলে এবার তিনি মহানগরের কুটির শিল্পবিষয়ক সম্পাদক হবেন। তবে সেই কমিটি এখনো ঘোষণা হয়নি।
রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ফুদকিপাড়া, সাহেব বাজার, গণকপাড়া, দড়িখরবোনা ও উপশহর এলাকার পানিনিষ্কাশনের জন্য ২ হাজার ৭০০ ফুট দীর্ঘ নালার কাজ শুরু হয়েছে নয় মাস আগে। কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৯ লাখ টাকা। ‘মা বিল্ডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। আগে এই এলাকায় ইটের তৈরি পাঁচ ফুট চওড়া নালা ছিল। এখন সেখানে আরসিসি নালা করা হচ্ছে। এর চওড়া হবে ৭ ফুট ৪ ইঞ্চি। নালার কাজ শেষ হলে আর জলাবদ্ধতা থাকবে না।
স্থানীয় বাসিন্দা শাহীন সালেউদ্দিন বলেন, বৃষ্টি না হলেও এই এলাকার নালা পানিতে ডুবে থাকে। বৃষ্টি হলে রাস্তায় হাঁটুপানি জমে যায়। নালার ময়লা রাস্তায় চলে আসে। তার মধ্যেই তাঁদের চলাচল করতে হয়। রিকশা ছাড়া বাইরে যাওয়ার উপায় থাকে না।
কৃষক লীগের নেতা রোকনুর শেখ দাবি করেন, নগরের সপুরা ও বোয়ালিয়া পাশাপাশি দুটি মৌজা। নালাটি সপুরা মৌজার ভেতরে পড়েছে। কিন্তু সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তা পয়সার বিনিময়ে নালাটি সেদিক দিয়ে না নিয়ে সোজা তাঁর জায়গার ভেতর দিয়ে নিচ্ছেন। এতে তাঁর জমি দুই ভাগ হয়ে যাচ্ছে। তাঁর দাবি, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই এলাকায় প্রকল্প হাতে নিয়েছিল। তারা তাঁর জমি অধিগ্রহণ করে থাকলে তিনি স্বেচ্ছায় নালা করার জন্য জমি ছেড়ে দেবেন।
যোগাযোগ করলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক গতকাল বুধবার বলেন, আগে যে জায়গায় নালা ছিল, ঠিক সেই জায়গাতেই নালা হচ্ছে। অন্য কারও জায়গার ওপর দিয়ে নালা নেওয়া হচ্ছে না। রোকনুর শেখের অভিযোগ সঠিক নয়।
প্রকৌশলী আশরাফুল বলেন, এ ব্যাপারে আদালতে কোনো মামলা হয়নি। তাঁরা যেকোনো মূল্যে ওই জায়গায় নালা করবেন। প্রথমেই আইনের আশ্রয় না নিয়ে তাঁরা রোকনুর শেখকে বুঝিয়ে সামাজিকভাবে বিষয়টি মোকাবিলা করার চেষ্টা করছেন।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী পরিমল কুমার বলেন, সরকারি জায়গা খানিকটা ছেড়েই নালা করা হয়, যাতে জনগণ খুশি থাকে। কেউ নালার জায়গা নিজের বলে দাবি করতে চাইলে তাঁদের কাছে এসে বলতে হবে।