সরকারি নির্দেশ উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার অভিযোগ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত পরীক্ষা নিচ্ছেন শিক্ষকেরা। এতে ২০০-৩০০ টাকা পর্যন্ত ফি ধরা হয়েছে। অষ্টম ও নবম শ্রেণির অধিকাংশ এবং দশম শ্রেণির সব শিক্ষার্থী এ পরীক্ষা বর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সরকারি নীতিমালা অনুযায়ী বছরে দুটি পরীক্ষা নেওয়ার নির্দেশ রয়েছে। প্রথম পরীক্ষা জুনের শেষের দিকে এবং শেষ (বার্ষিক) পরীক্ষা নভেম্বরের শেষ সপ্তাহে, অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘সরকারি নির্দেশ অমান্য করার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল শনিবার থেকে ওই পরীক্ষা শুরু হয়েছে। লেখাপড়ার মান উন্নয়নের নাম করে ওই পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণিতে ২০০, সপ্তম শ্রেণিতে ২৫০, অষ্টম শ্রেণিতে ২৮০, নবম ও দশম শ্রেণিতে ৩০০ টাকা করে ফি আদায় করা হয়। এসএসসি পরীক্ষার সময় স্কুলে প্রায় এক মাস পাঠদান হয়নি।