সরকারি নির্দেশনা মানছে না প্রতিষ্ঠানগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটার আবাসন ব্যবসায়ীদের অনাপত্তি সনদ গ্রহণের জন্য জেলা প্রশাসনের নির্দেশ মানা হচ্ছে না। এ অবস্থায় গত মঙ্গলবার জেলা প্রশাসক পুনরায় চিঠি দিয়ে সাত দিনের মধ্যে অনাপত্তি সনদ নিতে বলেছেন। অনাপত্তি সনদ ছাড়া কোনো প্রতিষ্ঠান তাদের কার্যক্রম অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।কুয়াকাটা সাগরসৈকত এলাকায় বিভিন্ন আবাসন কোম্পানি নিয়মনীতি উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আকর্ষণীয় বিজ্ঞাপন, নানা রকম সাইনবোর্ড, বিলবোর্ড টাঙিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। এ অবস্থায় ভূমি মন্ত্রণালয় অনাপত্তি সনদ গ্রহণের নির্দেশ দেয়। চলতি সপ্তাহে জেলা প্রশাসনের পক্ষ থেকে কুয়াকাটায় অবৈধ আবাসন কোম্পানিগুলোর সাইনবোর্ড/বিলবোর্ড অপসারণসহ তাদের বিরুদ্ধে অভিযানে নামবে বলে জানা গেছে।জেলা প্রশাসক সূত্র জানায়, গত ১২ জানুয়ারি অনাপত্তি সনদ গ্রহণের জন্য সাত দিন সময় দিয়ে কুয়াকাটার আবাসন প্রতিষ্ঠানগুলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়। কুয়াকাটায় অর্ধশতাধিক আবাসন প্রতিষ্ঠান কার্যক্রম চালালেও অনাপত্তি সনদ গ্রহণ করে বসুধা আইল্যান্ড ও সেঞ্চুরি রিয়েলিটি নামের দুটি প্রতিষ্ঠান। এ অবস্থায় গত মঙ্গলবার সাত দিন সময় দিয়ে দ্বিতীয়বার তাদের অনাপত্তি সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। এর পর থেকে আবাসন ব্যবসায়ীরা কুয়াকাটায় তাঁদের কার্যক্রম শুরু করেন। তখন থেকেই কুয়াকাটায় জমির দাম বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, কুয়াকাটায় আবাসন প্রতিষ্ঠানগুলো ব্যবসার আড়ালে সরকারি রাস্তা, জলাশয় ও অন্যান্য স্থাপনা দখল করছে।কুয়াকাটায় ব্যবসা পরিচালনার জন্য জেলা প্রশাসনকে সরকার অনুমোদিত আবাসন প্রতিষ্ঠানের মহাপরিকল্পনা, মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত জমির এসএ খতিয়ানের সইমোহর কপি, জমি ক্রয় করে থাকলে মালিকানাসংক্রান্ত কাগজপত্র (মূল দলিল/দলিলের সইমোহরসহ সংশ্লিষ্ট খতিয়ানের সইমোহর কপি), ক্রয়কৃত জমির হাল সনের দাখিলার কপি, প্লট বিক্রয়ের ক্ষেত্রে নকশা, জমিসংক্রান্ত বিষয়ে কোনো দেওয়ানি মামলা অথবা নিষেধাজ্ঞা থাকলে তার বিবরণ এবং মামলার আর্জি ও রায়-ডিক্রির সইমোহর কপি, প্রকল্পভুক্ত জমির মধ্যে কোনো খাস জমি নেই—এ সম্পর্কে সংশ্লিষ্ট সহকারী কমিশনারের (ভূমি) প্রত্যয়নপত্র এবং প্রকল্পভুক্ত জমি সরকার কর্তৃক গৃহীত কুয়াকাটা মহাপরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত কি না এসব কাগজপত্র ও তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল।জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, কুয়াকাটায় আবাসন ব্যবসা পরিচালনার আগে জেলা প্রশাসনের অনাপত্তি সনদ গ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। শুধু দুটি প্রতিষ্ঠান অনাপত্তি সনদ নিয়েছে। অনাপত্তি সনদ গ্রহণ না করেই সৈকত এলাকায় আবাসন ব্যবসায়ীরা কার্যক্রম চালাচ্ছেন। তাই গত মঙ্গলবার দ্বিতীয়বার আবাসন ব্যবসায়ীদের সাত দিন সময় দিয়ে অনাপত্তি সনদ গ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান অনাপত্তি সনদ গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, চলতি সপ্তাহে কুয়াকাটায় অভিযান চালিয়ে অবৈধ আবাসন প্রতিষ্ঠানর সাইনবোর্ড/বিলবোর্ড অপসারণের কার্যক্রম পরিচালনা করা হবে। অবৈধ আবাসন ব্যবসা বন্ধ করতে সব পদক্ষেপ নেওয়া হবে।