সরকারীকরণের প্রক্রিয়াধীন কলেজগুলোতে চার মাস আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু রংপুরের কাউনিয়া কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে।
গত ১৬ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের প্রক্রিয়াধীন আছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-৯ (কলেজ-৪)-এর জ্যেষ্ঠ সহকারী সচিব কাউসার নাসরীন স্বাক্ষরিত বিভিন্ন জেলায় অবস্থিত ৩৩টি বেসরকারি কলেজকে সরকারীকরণের জন্য একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় রংপুরের কাউনিয়া কলেজ ৬ নম্বরে আছে।
অভিযুক্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন বলেন, কলেজের শিক্ষকসংকট দূর করতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী এই মুহূর্তে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে নিষেধ রয়েছে জানালে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়।’
এদিকে কলেজ সরকারীকরণের প্রক্রিয়ায় থাকা অবস্থায় কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন ২৭ জুলাই একটি জাতীয় পত্রিকায় ১৩ জন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেন। এর মধ্যে বাংলা বিভাগে দুজন প্রভাষক, ইংরেজিতে দুজন, উদ্ভিদবিদ্যায় তিনজন, প্রাণিবিদ্যায় দুজন এবং ইতিহাস বিভাগে চারজন চাওয়া হয়েছে।
নিয়োগপ্রক্রিয়ায় বিশেষজ্ঞ হয়ে শিক্ষক না পাঠানোর অনুরোধ জানিয়ে কাউনিয়া কলেজের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তিনজন শিক্ষক প্রতিনিধি যৌথভাবে গত ২১ অক্টোবর কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ ও রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের অধ্যক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক লায়লা আফরীন, রসায়ন বিভাগের প্রভাষক আবু দাউদ মো. আশরাফুল আরেফীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীনের পাঠানো ওই চিঠিতে কলেজটি সরকারীকরণের প্রক্রিয়াধীনের তালিকায় রয়েছে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, আদেশকে অমান্য করে অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। এতে নিয়োগ-বাণিজ্যের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগও করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন বলেন, ইতিমধ্যে অধ্যক্ষের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তিনি তিনি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে আছেন।
অধ্যক্ষ মোফাজ্জল হোসেন নিয়োগ-বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য টিপু মুনশি গতকাল শনিবার মুঠোফোনে বলেন, কলেজটি সরকারীকরণের তালিকায় রয়েছে। এই মুহূর্তে নিয়োগ কার্যক্রম চালানো যাবে না। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।