সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও দুটি সিনেমা হল ভাঙার চেষ্টা
কুমিল্লা নগরের কান্দিরপাড়ের দীপিকা ও দীপালি প্রেক্ষাগৃহ (সিনেমা হল) গতকাল শুক্রবার ভাঙার চেষ্টা করে কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের (ডিসি) নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রেক্ষাগৃহ দুটি ভাঙার চেষ্টা করায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার সংস্কৃতিকর্মীরা। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি বিশেষ দল ভাঙার কাজ বন্ধ করে দেয়। প্রেক্ষাগৃহ দুটিতে গতকাল ঢাকার কিং ও সাগরের গর্জন নামের দুটি সিনেমা চলছিল। অনেকেই সিনেমা দেখতে এসে ফিরে যায়। এলাকাবাসী অনেকে জানান, ১৯৫১ সালে কান্দিরপাড়ের ৬০ শতক সরকারি জমিতে বিনোদনকেন্দ্র স্থাপনের জন্য ‘দেলোয়ার থিয়েটার অ্যান্ড এন্টারপ্রাইজ’কে জমি ভাড়া (লিজ) দেওয়া হয়। পরে দীপিকা সিনেমা হলসহ একটি কমপ্লেক্স তৈরি করা হয়। এরপর দীপালি নামের আরও একটি সিনেমা হল তৈরি করা হয়। জমির দাম বেড়ে যাওয়ায় তাঁরা ওই জায়গা নিজেদের কবজায় আনার চেষ্টা চালান। সেখানে ‘রূপায়ণ দেলোয়ার টাওয়ার’ নামে বাণিজ্যিক ও আবাসিক ভবন তৈরির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, ভূমিমন্ত্রীকে পাশ কাটিয়ে গত বছরের ৮ জুলাই ঢাকার একটি ডেভেলপার কোম্পানি নামমাত্র দামে জায়গাটি কিনে নেয়। ভূমিমন্ত্রী বিষয়টি জানার পর প্রেক্ষাগৃহ ভাঙা বা ওই স্থানে কোনো ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। ৮ জানুয়ারি জেলা প্রশাসক এ চিঠি দেন। ওই নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল প্রেক্ষাগৃহ ভাঙা শুরু করা হয়। এ সময় প্রেক্ষাগৃহের তৃতীয় শ্রেণীর শতাধিক চেয়ার তুলে ও পেছনের অংশের দেয়াল ভেঙে ফেলা হয়। খবর পেয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের নেতৃত্বে একটি বিশেষ দল গিয়ে প্রেক্ষাগৃহ ভাঙার কাজ বন্ধ করে দেয়।প্রেক্ষাগৃহে গতকাল বিকেল তিনটা ও সন্ধ্যা ছয়টার শো দেখতে ভিড় জমায় শত শত সিনেমাপ্রেমী দর্শনার্থী। তারা প্রেক্ষাগৃহের সামনে গিয়ে দেখে, ফটকে তালা ঝোলানো। এরপর তারা নিরাশ হয়ে ফিরে যায়। কুমিল্লার কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফখরুল হুদা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রেক্ষাগৃহের জায়গা দখলে নেওয়ার জন্য কুমিল্লার একটি চক্র কাজ করছে। এতে করে কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। প্রেক্ষাগৃহের বর্তমান ব্যবস্থাপক অহিদুর রহমান বলেন, ‘আমরা ওই ভবনকে আধুনিক করে সিনেমা হল তৈরি করতে চাই। একই সঙ্গে বাণিজ্যিক ফ্ল্যাটও করতে চাই।’ লিজের জায়গায় স্থায়ীভাবে কোনো স্থাপনা করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি নিরুত্তর থাকেন।জেলা প্রশাসক বলেন, ‘খবর পেয়ে আমরা প্রেক্ষাগৃহ ভাঙার কাজ বন্ধ করে দিয়েছি। সরকারি জায়গা লিজ নিয়ে বহুতল ভবন নির্মাণ করা যায় না।’