সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো অদক্ষ, ক্ষমতাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো অদক্ষ ও কার্যত ক্ষমতাহীন। আমলারা যেকোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে অহেতুক দীর্ঘ বিলম্ব করেন। দরপত্রগুলো এমন পদ্ধতিতে আহ্বান করা হয়, যাতে সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠানগুলো অংশ নিতে না পারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল আমদানির প্রক্রিয়াও অনেক জটিল।

এসব অভিযোগ দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে কর্মরত বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলোর। এসব কোম্পানি ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সদস্য।

গতকাল বৃহস্পতিবার এফআইসিসিআইয়ের একটি প্রতিনিধিদল বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করে লিখিতভাবে এসব অভিযোগের কথা জানিয়েছে।

গতকাল অপরাহ্নে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সাক্ষাত্কালে প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, তারা এ দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারে এবং রাখতে আগ্রহীও। কিন্তু সে ক্ষেত্রে সরকারকে এসব প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, তাঁদের সমস্যা ও পরামর্শগুলো শুনেছি। এগুলো সম্পর্কে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের আমরা শুধু বিনিয়োগকারী বা ব্যবসায়ী হিসেবে নয়, দেশের উন্নয়নের সহযোগী হিসেবে চাই। এ জন্য তাঁদের প্রস্তুত হতে হবে। সরকারও প্রস্তুত হচ্ছে।’

সাক্ষাত্ অনুষ্ঠানে প্রতিনিধিদলের লিখিত বক্তব্যে বলা হয়, এ দেশের খনিজ সম্পদের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত সরকারিভাবে অনুমোদিত সময়ের (৬০ দিন) মধ্যেই হওয়া বাঞ্ছনীয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তা কয়েক বছরেও হয় না। সরকারি বিধিবিধানের এরকম লঙ্ঘন তাঁদের বিস্মিত করে। তাঁরা বুঝতে পারেন না, কার্যকর না হলে এ ধরনের বিধিবিধান রাখার অর্থ কী। তাঁরা তো এসব বিধিবিধান, আইনকানুন দেখেই এ দেশে বিনিয়োগ করতে এসেছেন।

তেল-গ্যাস খাতে কর্মরতদের সমস্যা সম্পর্কে বলা হয়, সমুদ্রবক্ষের জন্য উত্পাদন অংশীদারি চুক্তি (পিএসসি) সই অনেক বিলম্বিত করা হয়। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সরকারের গ্যাস অনুসন্ধান কার্যক্রমও বিঘ্নিত হয়। সমুদ্রবক্ষের পিএসসিতে গ্যাসের দাম নির্ধারণে ব্যয়ের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয় না।

তাঁদের কাছ থেকে কেনা গ্যাসের দাম পরিশোধেও অহেতুক বিলম্ব করা হয়। যেখানে ৩০ দিনের মধ্যে দাম পরিশোধ করার কথা, সেখানে ছয় মাস পর্যন্ত বিলম্ব করার নজির আছে। এটা যেমন সুশাসনের অন্তরায়, তেমনি ব্যবসার জন্য ক্ষতিকর।

দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে পিএসসি সই বন্ধ রাখায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, এর ফলে তিন থেকে পাঁচ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) চিহ্নিত করার কাজ ব্যাহত হচ্ছে। এই গ্যাস খুব দ্রুত দৈনিক ৫০ কোটি ঘনফুট করে তোলা সম্ভব। পেট্রোবাংলার সংশ্লিষ্ট সংস্থাগুলোও এ কাজ করতে পারে। কিন্তু তাদের কারিগরি, আর্থিক ও জনবল-সংকট রয়েছে।

বড় বড় বিদ্যুেকন্দ্র নির্মাণের ক্ষেত্রে দরপত্র বা ক্রয় প্রস্তাবে এমন কিছু নির্দিষ্ট যন্ত্রপাতির কথা বলা হয়, যা বিশেষ কোনো কোম্পানি ছাড়া সরবরাহ করে না। এর ফলে সর্বোত্তম বিবেচিত অনেক কোম্পানি এসব দরপত্রে অংশ নিতে পারে না। হয়তো তাদের অংশ নিতে না দেওয়ার জন্যই এমন দরপত্র করা হয়।

জানতে চাইলে প্রতিনিধিদলের পক্ষে, এফআইসিসিআইয়ের নির্বাহী পরিচালক জামিল ওসমান প্রথম আলোকে বলেন, আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে বলে দুই পক্ষই সহমত প্রকাশ করেছে।

নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এফআইসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট জেফরি স্ট্রং। অন্যদের মধ্যে ছিলেন—সিমেন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্দ্রনীল লাহিড়ী, সান্তোস সাঙ্গু ফিল্ড লিমিটেডের প্রেসিডেন্ট অ্যান্ড্রু ডি গ্যারিস, কনোকো-ফিলিপস বাংলাদেশ এক্সপ্লোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টম আর্লি, ক্রিসএনার্জি বাংলাদেশ লিমিটেডের দেশীয় ব্যবস্থাপক এডউইন জি বাউলস, এশিয়া এনার্জি করপোরেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি এন লাই, বরকতুল্লাহ ইলেকট্রো ডাইনামিকসের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী, জিই ইন্টারন্যাশনাল ইনকরপোরেশনের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) শরমিলা বারাথন ও এফআইসিসিআইয়ের নির্বাহী পরিচালক।