ব্যবসায় অনুমতিপত্র (ট্রেড লাইসেন্স) নবায়নের ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন এ নিয়ম বাস্তবায়ন করলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবসায় অনুমতিপত্র নবায়ন খাত থেকে রাজস্ব আয় কমে যাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এ খাতে গত অর্থবছরে প্রায় সাড়ে সাত কোটি টাকা আয় করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন।জানা গেছে, ১৭ জুলাই এ ধরনের চিঠি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়। ২৩ জুলাই সিটি করপোরেশনে এ চিঠি আসার পর ২৪ জুলাই থেকে তা কার্যকরের জন্য সবগুলো করাঞ্চলকে নির্দেশ দেওয়া হয়। নতুন এ নিয়ম চালুর উদ্যোগ নেওয়ার পর ক্ষুদ্র ব্যবসায়ীরা অনুমতিপত্র নবায়ন না করে ফিরে যাচ্ছেন বলে একাধিক কর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী বলেন, নতুন অনুমতিপত্র নেওয়ার ক্ষেত্রে এ নিয়ম চালু নেই। কেবল যাঁরা নবায়ন করতে আসবেন, ‘তাঁদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। তবে অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কর শনাক্তকরণ নম্বর কোথায় পাবে, সে প্রশ্ন ইতিমধ্যে এসেছে। বড় ব্যবসায়ীদের অনেকের এই নম্বর থাকায় তাঁদের নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব বলে সিদ্ধান্ত নিয়েছি। কাল (রোববার) মন্ত্রণালয়ে একটি বৈঠকে আমি উপস্থিত থাকব।’ অনুুসন্ধানে জানা যায়, যাঁরা সিটি করপোরেশন থেকে এ ধরনের অনুমতিপত্র নিয়ে থাকেন, তাঁদের বেশির ভাগই ক্ষুদ্র ব্যবসায়ী। অনুমতিপত্র নেওয়ার সময় তাঁদের ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করার নিয়ম রয়েছে। তবে বেশির ভাগ অনুমতিপত্র গ্রহীতা নিম্ন আয়ের লোকজন। যেমন—তরকারি বিক্রেতা ৫০ টাকা, পানের দোকানদার ১০০ টাকা, মুদি দোকান ২৫০ টাকা, স্টেশনারি ৩০০ টাকা, সরবরাহকারী ৫০০ টাকা দিয়ে অনুমতিপত্র নেন। এ পর্যায়ের ব্যবসায়ীরা করের আওতায় পড়েছেন কি না, তা-ও পরখ করার কোনো ব্যবস্থা চিঠিতে রাখা হয়নি।