সরকারি নোট হবে পাঁচ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ টাকা
পাঁচ টাকা

পাঁচ টাকাকে সরকারি নোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থসচিব মাহবুব আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
বর্তমানে পাঁচ থেকে এক হাজার টাকা পর্যন্ত সবই ব্যাংক নোট। আর এক ও দুই টাকা সরকারি নোট।
অর্থমন্ত্রী জানান, পুরোনো এক ও দুই টাকার নোটগুলো বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করা হবে। এগুলো ধ্বংস করতে ৩০০ কোটি টাকার মতো ব্যয় হবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের কী লাভ হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারের চেয়ে বেশি লাভ হবে মানুষের। অপ্রয়োজনীয় (ইউজলেস) টাকা নিয়ে মানুষকে ঘুরতে হয়।

এক টাকা দিয়ে যে চকলেট পাওয়া যায়, তাহলে কি সেটি পাওয়া যাবে না; এমন প্রশ্নের উত্তর দেন পাল্টা প্রশ্নে ‘এক টাকা-দুই টাকা দিয়ে চকলেট পাওয়া যায় নাকি?’
 
এ খবরটি প্রকাশ হওয়ার পরপরই পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই বিষয়টি স্পষ্ট হতে প্রথম আলো থেকে অর্থমন্ত্রীকে ফোন করা ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, বাজারে যতক্ষণ যে মুদ্রার চাহিদা থাকবে ততক্ষণ সেগুলো চালু থাকবে। যেমন দুই টাকার নোট ছাপানোর জন্য আজকেই অর্থ মন্ত্রণালয় থেকে বাংলা দেশ ব্যাংকে একটি চিঠি এসেছে। এমনকি ৫, ১, ২৫ ​ও ৫০ পয়সার মুদ্রা এখনো বৈধ। অর্থমন্ত্রী যে কথা বলেছেন সে ব্যাপ​ারে এখনো কোনো সরকারি নির্দেশনা পাইনি।