সরকারি পদক্ষেপে ইইউ সন্তুষ্ট: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়ার মতো ঘটনা সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে বলে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরা।

আজ রোববার সচিবালয়ে ইইউয়ের বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে যেসব বিদেশি ব্যবসা-বাণিজ্য করছেন, তাঁদের নিরাপত্তাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। তাঁদের নিরাপত্তায় প্রয়োজনে বিশেষ বাহিনী দেওয়া হবে।

তোফায়েল আহমেদ আরও বলেন, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে, ইইউয়ের রাষ্ট্রদূতেরা তার প্রশংসা করেছেন। বাংলাদেশে যেসব জঙ্গি মারা গেছে, তাদের মা–বাবারা লাশ পর্যন্ত নেননি। এটাই হচ্ছে আসল বাংলাদেশ। বাংলাদেশ এ ধরনের ঘটনায় হার মানার দেশ নয়। ভবিষ্যতেও মানবে না।

ইইউয়ের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, শুধু গুলশান ও বারিধারায় নিরাপত্তা জোরদার করলে হবে না, সারা দেশেই নিরাপত্তা দরকার।

বৈঠকে পাঁচটি দেশের রাষ্ট্রদূত ও আরও কয়েকটি দেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন। সেখানে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।