বিদেশি নাগরিকদের পার্বত্য অঞ্চলে ভ্রমণ এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ বা বৈঠকের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতারা। গতকাল সোমবার বেলা ১১টায় রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এটি সরকারের বৈষম্যমূলক ও হঠকারী সিদ্ধান্ত। এর মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিদেশিদের কাছে হেয় করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নারী অধিকার উন্নয়নকর্মী টুকু তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা, গবেষক অধ্যাপক মংসানু চৌধুরী, এমএন লারমা ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, মানবাধিকার ও উন্নয়নকর্মী শেফালিকা ত্রিপুরা, বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা প্রমুখ।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, স্বরষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র প্রত্যাহারের বিষয়টি সরকারের দায়িত্বশীল মহল থেকে বলার পর মানুষের মধ্যে আশার সঞ্চার হয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় সরকারের সিদ্ধান্তের মধ্যে গুণগত কোনো পরিবর্তন হয়নি।
পরিপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।