সরকারি পাঁচ কর্মকর্তা নিহত
খুলনা, ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, চট্টগ্রামের চন্দনাইশ, টাঙ্গাইলের ঘাটাইলে গত পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) ওপর দুর্ঘটনায় বটিয়াঘাটা থানার উপপরিদর্শক এসআই ইমদাদুল হক (৩৬) নিহত হয়েছেন। ইমদাদুল খুলনা থেকে একটি মোটরসাইকেলে করে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইমদাদুলের লাশ তাঁর গ্রামের বাড়ি বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে।ফরিদপুর: শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের ব্র্যাক কার্যালয়ের সামনে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নরসিংদীর মনোহরদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সায়েমের মৃত্যু হয়েছে। সায়েম মোটরসাইকেল চালিয়ে ঈদের ছুটিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইট গ্রামে যাচ্ছিলেন। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।গোয়ালন্দ (রাজবাড়ী): রোববার সন্ধ্যায় রাজবাড়ী শহরের শ্রীপুনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের নিচে পড়ে গুরুতর আহত আবুল হোসেন মোল্যা নামের এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তিনি দুই মাস আগে রাজবাড়ী সদর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেছেন।চন্দনাইশ (চট্টগ্রাম): চন্দনাইশে গত ৯ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় বিটিসিএলের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। প্রকৌশলী স্বপন কুমার ও তাঁর স্ত্রী দিপিতা বড়ুয়া সরকারি পিকআপযোগে বান্দরবান যাওয়ার পথে চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।ঘাটাইল (টাঙ্গাইল): ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলের বাড়িতে ফেরার জন্য ঘাটাইল উপজেলা সহকারী খাদ্য উপপরিদর্শক আবদুস সামাদ ঘাটাইল বাসস্ট্যান্ডে বাসে উঠছিলেন। এ সময় পা ফসকে পড়ে তিনি বাসের চাকায় পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।