সরকারি পাটবীজ কালোবাজারে বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কৃষকের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া সরকারি পাটবীজ কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ওই বীজ কেনার দায়ে গত মঙ্গলবার এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম মংলা সরকার।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনা মূল্যে বিতরণের জন্য এপ্রিল মাসে সরকার দুই হাজার ৮০০ কেজি পাটবীজ বরাদ্দ দেয়।উপজেলা পাটবীজ কার্যালয়ের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হোসনে আরা পারভীনের কার্যালয় থেকে এসব বীজ কৃষকের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু তিনি কৃষকদের নামে বিতরণ করার ভুয়া মাস্টাররোল দেখিয়ে সাগর এন্টারপ্রাইজের মালিক সানাউল হকের কাছে এ বীজ বিক্রি করে দেন। পরে সানাউল হক ৪০০ কেজি বীজ (২০০ প্যাকেট) মংলা সরকারের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে দেন।মঙ্গলবার দুপুরে মংলা সরকার পুরোনো প্যাকেট খুলে চরধুনট এলাকায় ইছামতী নদীর সেতুর ওপর বীজ শুকাতে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান মংলা সরকারকে বীজসহ আটক করেন। পরে এ বীজ কেনার দায়ে তিনি তাঁর কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় আদালত তাঁর কাছ থেকে ৪০০ কেজি (২০০ প্যাকেট) পাটবীজ উদ্ধার করে উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখেন।মংলা সরকার বলেন, ‘আমি সানাউল হকের কাছ থেকে ৪০০ কেজি পাটবীজ ১০ হাজার টাকায় কিনেছি। এসব বীজ এ বছর বিক্রি হবে না। আগামী বছর বিক্রির জন্য পুরোনো প্যাকেট খুলে রোদে শুকিয়ে নতুন করে প্যাকেট করছিলাম। সানাউল কোথায় পেয়েছে, তা আমার জানা নেই।’ সানাউল হক দাবি করেন, তিনি কৃষকদের কাছ থেকে ২০০ প্যাকেট (৪০০ কেজি) পাটবীজ কিনেছেন। পরে সেগুলো তিনি মংলা সরকারের কাছে বিক্রি করে দেন। হোসনে আরা পারভীন পাটবীজ বিক্রির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দেওয়া তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকের মাঝে বিনা মূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে। তবে পাট অধিদপ্তর থেকে যথাসময়ে (ফেব্রুয়ারি) বরাদ্দ না দেওয়ায় কৃষক বীজ তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।ইউএনও হাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাটবীজ বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।